সফল অস্ত্রোপচার শেষে আজ ফিরছেন নাজমুল

বাম পায়ে অস্ত্রোপচারের পর এক সপ্তাহ বিশ্রাম নিয়েছিলেন পেসার নাজমুল হোসেন। এক সপ্তাহ পর তার উন্নতি দেখে গতকাল চিকিত্সক ডেভিড ইয়ংও খুশি। আর চিকিত্সকে খুশি দেখে স্বস্তিতে নাজমুল হোসেনও। সেই স্বস্তি নিয়ে আজই দেশে ফিরে আসছেন জাতীয় দলের এই পেসার। নাজমুলের চোটটা শুরুতে যেমন মনে করা হয়েছিল, তেমন লিগামেন্টে নয়। আর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত না হওয়ায় নাজমুলের মাঠে ফেরার অপেক্ষাও বেশিদিন করতে হচ্ছে না। জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে আপাতত যোগ দিতে না পারলেও দুই সপ্তাহ পর রানিং শুরু করে জাতীয় দলের জন্য প্রস্তুতিও নিতে পারবেন। বিসিবির ডাক্তার দেবাশিষ চৌধুরিও তাই বললেন, ‘নাজমুলের সমস্যাটি ছিল পায়ের কার্টিলেজে। তাই সেখানে অস্ত্রোপচারে তেমন সমস্যা হয়নি। বিশ্রামও বেশিদিন করতে হচ্ছে না। দেশে আসার পর কিছুদিন বিশ্রাম নেয়ার পর তার অস্ত্রোপচারের জায়গাটা দেখে নেয়ার পর সিদ্ধান্ত নেয়া যাবে কবে থেকে রানিং শুরু করতে পারবেন।’ বিপিএল থেকে নাজমুলের এই ইনজুরির সমস্যা ছিল। তবে এখন তিনি আশাবাদী অক্টোবরে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলায় ফিরতে পারবেন এই পেসার।