সাবেক ফুটবলার আব্দুল কাদেরের প্রয়াণ

সত্তর দশকের ফুটবলার আব্দুল কাদের গতকাল এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। বাংলামোটরে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি হওয়ার পর গতরাতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকা লীগে লালবাগ, আজাদ স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান এসসি, ঢাকা এর পক্ষে দীর্ঘদিন খেলেছেন। তিনি যুব দলের হয়ে ইরানে সফর করেছেন। আব্দুল কাদের-এর মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতি কাজী মোঃ সালাহ্উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিসহ নির্বাহী কমিটির সকল কর্মকর্তা, বাফুফের সকল স্ট্যান্ডিং কমিটি ও বাফুফে’র সকল কর্মকর্তা-কর্মচারী আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।