গলাচিপায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ১২ জুন ২০১৩, ২২:৫৪
অস্বাভাবিক জোয়ারে গলাচিপা ও রাঙ্গাবালীর উপকূলে প্রায় অর্ধশত ছোট-বড় চর ৩ থেকে ৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে। গলাচিপার মাঝেরচর, চরবাংলা, পক্ষিয়ারচর, চরমায়া, চরমহিউদ্দিন, রামনাবাদ নদী তীরবর্তী নতুনচর ও শহর সংলগ্ন লঞ্চঘাট, ফেরিঘাট, খেয়াঘাটের এপ্রোচ সড়ক ও রাঙ্গাবালীর চরকাশেম, চরলতা, চরআন্ডা, চরহেয়ার, চরযমুনা, চরবেষ্টিন, চরনজির পানির নিচে তলিয়ে গেছে। গলাচিপা শহররক্ষা বেড়িবাঁধে বন্যাতলী পয়েন্টের ভাংগা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে নিজ হাওলা, গ্রামদ্দন, ভাইয়ার হাওলা, মানিক চাঁদ, তালুকদার হাওলায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গলাচিপা-হরিদেবপুর ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে পটুয়াখালী-গলাচিপা সড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দুই পাড়ে যানবাহন আটকা পড়ে।