নারায়ণগঞ্জে শামীম হত্যায় ৩ জনের ফাঁসির আদেশ
প্রকাশ : ১২ জুন ২০১৩, ২২:৫৬
জেলায় মো. শামীম মোল্লা নামে এক যুবককে জবাই করে হত্যার সঙ্গে জড়িত ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তাদের ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফউজুল আজিম আসামিদের উপস্থিতিতে গতকাল বুধবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সুরুজ মিয়ার ছেলে মোসাদ্দেক আলী (২৫), আব্দুস সাত্তারের ছেলে শামীম ভুঁইয়া (২৫) ও মৃত ইদ্রিস আলীর ছেলে জাকারিয়া ওরফে জাকির (২৬)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর জাসমিন আহম্মেদ জানান, ২০০৮ সালের ২৫ মার্চ আড়াইহাজার উপজেলার নয়াগাঁও গ্রামে বারেক চৌধুরীর বাড়িতে ৪টি হাঁস ও ২টি মুরগি চুরির ঘটনা ঘটে। ২৭ মার্চ এ ঘটনায় ওই বাড়িতে সালিশ বৈঠক হয়। বৈঠকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ৩ জন চুরির ঘটনায় জড়িত বলে সাক্ষ্য দেন একই গ্রামের ফজলুল মোল্লার ছেলে মো. শামীম মোল্লা।
২৯ মার্চ রাত থেকে শামীম নিখোঁজ হন। পরদিন ৩০ মার্চ সকালে তাদের বাড়ির পাশে পারিবারিক কবরস্থানের সামনে থেকে তার জবাই করা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় নিহতের বাবা কারো নাম উল্লেখ না করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ৩ জনকে গ্রেফতার করে। পরে তারা আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে শামীমকে হত্যার কথা স্বীকার করেন।