অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল
প্রকাশ : ১২ জুন ২০১৩, ২২:৫৬
প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা প্রমাণিত হওয়ায় অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। একইসাথে জালিয়াতির সাথে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। গতকাল বুধবার রাতে অগ্রণী ব্যাংকের বোর্ড বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়েছে। ব্যাংকের বোর্ড সদস্যরা বিষয়টি পর্যালোচনা করে জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যেই বাতিল হওয়া পরীক্ষা নতুন করে গ্রহণ করা হবে।
বোর্ডের অপর সদস্য বলরাম পোদ্দার জানান, বাতিল হওয়া পরীক্ষা নতুন করে ভিন্ন প্রশ্নপত্রে গ্রহণ করা হবে। এ জন্য প্রার্থীদের নতুন করে আবেদন করতে হবে না। আগের পরীক্ষার প্রবেশপত্র যারা উত্তোলন করেছিল, তারাই নতুন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যারা ঐ সময় প্রবেশপত্র তোলেনি তারা পরীক্ষায় অংশ নিতে পারবে না। নতুন পরীক্ষার প্রশ্নপত্র বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকদের মাধ্যমে প্রণয়ন করা হবে।
গত ৩১ মে বিকালে অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রশ্ন ফাঁসের সত্যতা পেয়েছে তথ্য দিয়ে গত শনিবার ইত্তেফাকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
এদিকে পরীক্ষা বাতিল হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আগামী পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আরো সচেতন হওয়ার আহবান জানিয়েছেন চাকরি প্রার্থীরা। গতকাল পরীক্ষা বাতিলের সংবাদ পাওয়ার পর বেশ কয়েকজন পরীক্ষার্থী ফোন করে এ ধন্যবাদ জানান।