বরিশালে কামালের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ গুলিবিদ্ধ ১, গাড়ি ভাংচুর

নগরীর বৈদ্যপাড়ায় গতরাতে ১৮ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামালের কর্মী সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশের গুলিতে কামালের কর্মী হারুন গুরুতর আহত হয়। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন জানান, বৈদ্যপাড়া এলাকায় মহিলা দলের ৫ কর্মী গণসংযোগ করতে গেলে তাদেরকে পুলিশ আটক করে। খবর পেয়ে মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল ঘটনাস্থলে যান। একসময় সেখানে হাজির হন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। পুলিশের সাথে আহসান হাবিব কামালের বচসা শুরু হলে পুলিশ গুলিবর্ষণ করে। এতে হারুন নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়। আওয়ামী লীগ কর্মীরা আহসান হাবিব কামালের গাড়ি ভাংচুর করে। আহসান হাবিব কামাল অভিযোগ করেন পুলিশের সাথে আওয়ামী লীগ কর্মীরা একত্রে তার উপর হামলা করেছে। কর্মীদের সহায়তায় তিনি রক্ষা পান। ঘটনার প্রতিবাদে তাত্ক্ষণিক নগরীতে বিক্ষোভ মিছিল করে কামালের সমর্থকরা।