নিখোঁজের ৬ মাস পর বিশ্ববিদ্যালয় ছাত্রের কংকাল উদ্ধার
প্রকাশ : ১২ জুন ২০১৩, ২২:৫৭
নিখোঁজের ৬ মাস পর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কংকাল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার নরসিংদীর রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের কান্দাপাড়া কবরস্থানের পাশে মাটি খুঁড়ে আরিফুল ইসলাম পাভেলের কংকাল উদ্ধার করা হয়। এর আগে পাভেলকে অপহরণ করে হত্যার অভিযোগে জাহাঙ্গীর, ফয়সাল ও ফরহাদকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী ডিবি পুলিশ গতকাল বিকালে মাটি খুঁড়ে কংকাল বের করে। এসময় পাভেলের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। ডিবি পুলিশ ও নিহত পাভেলের পারিবারিক সূত্র জানায়, কলাবাগানের ১৫-ই, লেকসার্কাস এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে অরিফুল ইসলাম পাভেল ধানমন্ডির ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ’র তৃতীয় সেমিষ্টারের ছাত্র ছিল। আশরাফুল ইসলাম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যায়ের স্টোর কিপার। গত নভেম্বরে তিনি মারা যাওয়ার পর পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে ১৮ লাখ টাকা উত্তোলন করে তার পরিবারের সদস্যরা। এই টাকা দিয়ে একটি ফ্ল্যাট বুকিং দেয়ার পরিকল্পনা করা হয়। গত ২৬ ডিসেম্বর এই টাকায় পাভেল একটি ডেভেলপার প্রতিষ্ঠানের কাছে ফ্ল্যাট বুকিং দেয়ার সিদ্ধান্ত নেয়। এই খবর পাওয়ার পর তার বন্ধুরা তাকে জানায় যে তাদের একটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে কম টাকায় ফ্ল্যাট বুকিং দেয়া যাবে। ঐ দিন সকালে ১৮ লাখ টাকা নিয়ে পাভেল বাসা থেকে বের হয়। এসময় তিন বন্ধু তার সঙ্গে ছিলো।
পাভেলের মা সলিমা আক্তার অভিযোগ করেন, ঐ দিনের পর পাভেল আর বাসায় ফিরে আসেনি। ঘটনার পর পাভেলের তিন বন্ধুর সঙ্গে তিনি যোগাযোগ করে কোন সদুত্তর পাননি। এরপর তিনি নিউমার্কেট থানায় একটি জিডি ও পরে একটি অপহরণ মামলা করেন। ঘটনার পর ঐ মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার পর পুলিশ ঐ তিন বন্ধুকে গ্রেফতার করে রিমান্ডে নেয়। পরে তারাই ডিবি পুলিশের কাছে এই মর্মান্তিক হত্যার বর্ণনা দেয়। ঘাতকরা পাভেলকে নেশাগ্রস্থ করে ফেলে। পরে তাকে কান্দাপাড়া কবরস্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই তারা মাটি খুঁড়ে গর্ত করে রেখেছিল। গর্তে পাভেলকে বসিয়ে তারা মাটি চাপা দেয়।
গতকাল বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রায়পুরার কান্দাপাড়া কবরস্থানের পাশে একটি ফাঁকা জায়গায় মাটি খুঁড়ে পাভেলের কংকাল উদ্ধার করে।