শিশু গৃহকর্মীদের নিয়ে ‘কম্বল!’
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২১:২৭
শিশু গৃহকর্মী নির্যাতনের উপর নির্মিত হচ্ছে টেলিফিল্ম ‘কম্বল’, রচনা ও পরিচালনা করছেন তরুণ নির্মাতা আরিফ রহমান শিবলী। গল্পটি একটি জাতীয় সংবাদপত্রের প্রকাশিত সত্য ঘটনার উপর তৈরি করা হয়েছে। গল্পে দেখা যাবে—গ্রাম থেকে উঠে আসা ১২ বছরের আমেনা শহরের প্রতিষ্ঠিত এক ব্যাবসায়ীর বাসায় কাজ করতে আসে। শহরে এমনিতেই একাকীত্ব আর তার উপর ঘটনাক্রমে ঘটতে থাকে পাশবিক নির্যাতন। নির্যাতনের ফলে এক পর্যায়ে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে তাকে রাতের আঁধারে ফেলে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তারপর ঘটতে থাকবে সমাজের সব বাস্তব চিত্র। এ প্রসঙ্গে নির্মাতা আরিফ রহমান শিবলী বলেন, ‘শিশু গৃহকর্মী নির্যাতনের উপর এর আগে অনেক ধরনের কাজ করা হলেও ‘কম্বল’ টেলিফিল্মে দর্শক নতুন কিছু খুঁজে পাবে যা এখন পর্যন্ত তেমন কেউ তুলে ধরেনি। গল্পে টাকার লালসা, পাশবিকতা, প্রশাসনের উেকাচ, বাণিজ্য, গণমাধ্যমের অবস্থান সবকিছুই মানুষ এ টেলিফিল্মে খুঁজে পাবে। বর্তমানে টেলিফিল্মটির শিল্পী বাছাই প্রক্রিয়া চলছে, সবকিছু ঠিক থাকলে এ মাসেই ঢাকার বিভিন্ন স্থানে দৃশ্যধারণ শুরু করব।’