বাংলাভিশনে মাকসুদের ‘সাঁই আমার কখন খেলে কোন খেলা’
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২১:২৭
এ দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড তারকা ‘মাকসুদ ও ঢাকা’ব্যান্ডের ভোকাল মাকসুদ সম্প্রতি লালন ও বাউলদের নিয়ে নতুন একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। শুধু যুক্তই নয়, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো উপস্থাপনাও করছেন জনপ্রিয় এই শিল্পী। অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রতি সপ্তাহের শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে। অনুষ্ঠানটির নাম ‘সাঁই আমার কখন খেলে কোন খেলা’। প্রতি পর্বে একজন সাধক বাউল লালন সাঁইয়ের বিভিন্ন পর্যায়ের গান গাইবেন। তার সাথে একজন আলোচক সেইসব গানের ভাব ও পটভূমি নিয়ে আলোচনা করবেন। গানগুলোর সংগীতায়োজনেও থাকছে বিশেষ বৈচিত্র্য। ব্যান্ড তারকা মাকসুদ উপস্থাপনার পাশাপাশি গ্রন্থনা ও পরিচালনার কাজটিও করছেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।