রেহানা কন্যা টিউলিপের বিয়েতে যোগ দিতে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছোটবোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ জুলাই লন্ডনে আসছেন। বিয়ে উপলক্ষে ৬ ও ৭ জুলাইকে তার ব্যক্তিগত কর্মসূচির জন্য রাখা হয়েছে। তবে ৫ জুলাই তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি কর্মসূচিতে যোগ দেবেন বলে জানা গেছে। ৮ জুলাই তিনি লন্ডন থেকে বেলারুশে রাষ্ট্রীয় সফরে যাবেন। এদিকে টিউলিপের বিয়ের বিষয়ে বিস্তারিত তথ্য না পাওয়া গেলেও তার পূর্ব পরিচিত এক ব্রিটিশ শ্বেতাঙ্গ যুবকের সাথে বিয়ে হচ্ছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর ভাগনি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ পূর্ব লন্ডনের ক্যামডেন কাউন্সিলে কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করছেন। ২০১০ সালে লেবার দলের পক্ষে কাউন্সিলর পদে নির্বাচন করে তিনি জয়ী হন। আগামী পার্লামেন্ট নির্বাচনে তিনি কিলবার্ন এন্ড হ্যামস্টেড আসনে লেবার দলের এমপি প্রার্থী হবেন বলে আশা করা হচ্ছে। গত প্রায় ১০ বছর যাবত্ তিনি লেবার পার্টির রাজনীতির সাথে যুক্ত।