তারেক ও মামুনের বিরুদ্ধে সাক্ষ্য ৩০ জুন
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২১:৫৬
সিঙ্গাপুরে অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩০ জুন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ তিন-এর ভারপ্রাপ্ত বিচারক মোজাম্মেল হক এ আদেশ দেন। একইসঙ্গে এদিন আদালতে সাক্ষ্য দিতে ১১ ও ১২তম সাক্ষীর প্রতি সমন জারি করেন।
সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট কর্পোরেট শাখার সাবেক নির্বাহী কর্মকর্তা বিভুতিভূষণ সরকার এ মামলায় গতকাল দশম সাক্ষী হিসাবে সাক্ষ্য দেন। এ সময় তাকে জেরার জন্য সময়ের আবেদন করেন মামুনের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম। দুদকের বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল এ আবেদনের বিরোধিতা করে সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করার আবেদন জানান। এ মামলায় কারাগারে থাকা গিয়াসউদ্দিন আল মামুনকে সাক্ষ্যগ্রহণের সময় আদালতে হাজির করা হয়। মামলার অন্যতম আসামি তারেক রহমান পলাতক রয়েছেন।