নতুন ধূমপান নিয়ন্ত্রণ সংশোধন আইন শুভঙ্করের ফাঁকি
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২১:৫৭
সম্প্রতি জাতীয় সংসদে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন বিল ২০১৩ পাস হয়েছে। নতুন আইনের বিধান অনুযায়ী ‘জনবহুল’ বা ‘প্রকাশ্যে’ ধূমপানের জন্য তিনশ টাকা জরিমানার বিধান করা হলেও এতে রয়েছে বড় ধরনের ফাঁকি। এতে ‘জনবহুল স্থান’ বা ‘পাবলিক প্রেস’ বলতে অনেক কিছুর উল্লেখ করা হলেও এর সংজ্ঞায় সুকৌশলে ফুটপাত ও পার্কসহ কোনো উন্মুক্ত স্থান অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাত্ ফুটপাত ও পার্কসহ যে কোনো উন্মুক্ত স্থানে অবাধে ধূমপান করা যাবে। কিন্তু আমরা ব্যক্তিগত অভিজ্ঞতায় জানি যে, বর্তমানে বাংলাদেশের সব শহরের রাজপথ বা ফুটপাত জনবহুল। এসব রাজপথ বা ফুটপাতে সাধারণত অনেকটা ঠেলাঠেলি বা ধাক্কাধাক্কি করে চলাচল করতে হয় এবং প্রায়ই লক্ষ্য করা যায় যে, এতে বয়স্ক লোক ছাড়াও ছেলের বা নাতির বয়সী তরুণরা চলমান অবস্থায় অবজ্ঞাভরে বা তোয়াক্কা না করে ধূমপানের ধোঁয়া ঊর্ধ্বদিকে ছুঁড়ে মারে । আবার ফুটপাতের একপাশে দাঁড়িয়ে ঊর্ধ্বলোকে ধোঁয়া ছাড়া তো সাধারণ ব্যাপার। সংশোধিত আইন অনুযায়ী তামাকজাত পণ্যের মোড়কে সতর্কবাণী লিপিবদ্ধকরণ নতুন কোনো কিছু নয়।
সংশোধিত আইনে ধূমপানের জন্য তিনশ টাকা জরিমানার বিধান রাখা হলেও যখন আমরা দেখি যে, আইন-শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য প্রকাশ্যে ধূমপান করছেন, তখন এরূপ একটি ত্রুটিযুক্ত ‘সংশোধিত’ আইনের আদৌ বাস্তবায়ন নিয়ে সন্দেহ জাগে। তাছাড়া যেসব আবদ্ধ স্থান বা প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে, সেসব আবদ্ধ স্থান বা প্রতিষ্ঠানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ কদাচিত্ গমন করে থাকেন।
মীর মাহফুজুর রহমান,
কাঁঠাল বাগান, ঢাকা