চুক্তি স্বাক্ষরের পর কোচ ক্রুইফের অভিমত

কাতার বিশ্বকাপের জন্য নয় বছর কম সময় নয়

ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কেস্তারের সাথে আনুষ্ঠানিক চুক্তির পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন গতকাল জানিয়ে দেন ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্যে কাজ শুরু হয়ে গেল। অপরদিকে জাতীয় দলের সাথে চুক্তির পর কোচ ক্রুইফ বললেন, এ লক্ষ্যে নয় বছর কম সময় নয়। গতকাল বৃহস্পতিবার কোচদ্বয়ের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রাক্কালে দেখা গেল বাফুফে ভবনে ঝুলছে বড় ব্যানার। ‘ভিশন টুয়েন্টি টুয়েন্টিটু’ রেড টু কাতার ওয়ার্ল্ড কাপ লেখা ব্যানারটি ছিল কনফারেন্স রুমেও। বাফুফে সভাপতি ডাচ কোচদের সাথে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসে বললেন,‘আজ থেকে জানাতে চাই ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের লক্ষ্যে আমরা নেমে পড়লাম।’ বাফুফের সকল কর্মকর্তা, ফুটবল সংশ্লিষ্ট সবাই মিলে এই পথে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করার জন্য আজ থেকে আমরা প্রতিজ্ঞা করে নামলাম।’ কাতার বিশ্বকাপে খেলার প্রসঙ্গে বাস্তবতার সাথে মিল রেখে বাংলাদেশ কতটা এগিয়ে যেতে পারবে এ নিয়ে জানতে চাওয়া হয়েছিল ক্রুইফের কাছেও। কারণ কাল আনুষ্ঠানিক চুক্তি করলেও তিনি পাঁচ মাস ধরে এদেশের ফুটবলের সাথে সম্পৃক্ত। ইতোমধ্যে জেনে গেছেন এদেশের ফুটবল কোন পথে হাঁটছে। খেলোয়াড়দের মান কেমন। কী পরিমাণ খেলোয়াড় উঠে আসছে, তাদের সামর্থ্য কতটুকু। কাতার বিশ্বকাপে খেলার স্বপ্নটা আদৌ বাস্তবসম্মত কি-না। ক্রুইফ বিষয়গুলোকে ইতিবাচকভাবে নিয়ে বললেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ২০২২ লক্ষ্যটিকে আমি সমর্থন করি। ভালো উদ্যোগ। আজ থেকে লম্বা পথের যাত্রা শুরু হলো। নয় বছর তো অনেক। অনেক কিছু পরিবর্তনের সুযোগ হবে। এটা দু’বছর বা চার বছর হলে বলতাম অসম্ভব। আমার জন্য আনন্দের এই কারণে যে, এখনো নয় বছর কম সময় না।’ তিনি বলেন, ‘পরে হলেও লক্ষ্য নির্ধারণ করে শুরু করতে হতো। এখন থেকেই শুরু হোক। তোমরা যদি শুরু না করো, তাহলে সম্ভব হবে কিভাবে ? এটা একটা লম্বা যাত্রা আমাদের জন্য।’ আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের প্লেয়াররা ভালো করছে। তারা সুনাম ছড়াতে চায়। রেজাল্ট চায়। চেষ্টা করে। আমি তাদের নিয়ে আশাবাদী।’ কোচদ্বয়ের সাথে চুক্তির ব্যাপারে আগেই সব কিছু চূড়ান্ত করা ছিল। গতকাল বিকালে শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। জুলাইয়ে দায়িত্ব নিতে দুই বছরের জন্য পরিবার-সন্তানসহ ঢাকায় আসবেন ডাচ কোচরা। লক্ষ্য সেপ্টেম্বরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি। এদিকে সাফের জন্য দল গঠন করতে আজ শুরু হওয়া সুপার কাপ থেকে খেলোয়াড় বাছাই করা হবে। চার দিন ম্যাচ দেখে ৩০ জনের একটি তালিকা করবেন ক্রুইফ। ১৮ জুন দেশে ফিরে যাবেন তারা।