জাকার নিষেধাজ্ঞা বহাল রাখলো হাইকোর্ট
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২২:১০
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান জাকা আশরাফের বিরুদ্ধে নিষেধাজ্ঞাদেশ বহাল রাখলো ইসলামাবাদের একটি হাইকোর্ট। একই সঙ্গে কোর্টটি পাকিস্তানের আন্ত-প্রাদেশিক কমিটিকে একজন অন্তর্বর্তী পিসিবি প্রধানের নাম ঘোষণা করার নির্দেশ দিয়েছে; যিনি এই মাসের শেষে লন্ডনে আইসিসির বার্ষিক সভায় ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব দেবেন।
গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে চার বছরের মেয়াদে পিসিবি প্রধান হিসেবে দায়িত্ব পান আশরাফ। কিন্তু ঐ নির্বাচনে আশরাফ অন্যায়ভাবে তার ক্ষমতাকে কাজে লাগিয়েছেন এমন অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন রাওয়ালপিন্ডি ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন সাবেক কর্মকর্তা। তার দায়ের করা পিটিশনের জবাবে গত মাসে মামলার প্রথম শুনানিতে আদালত আশরাফকে পিসিবি প্রধানের পদ থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয়। রায়ে এই নির্বাচনের নিরপেক্ষতার বিষয়ে আদালত সন্দেহ প্রকাশ করে এবং নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করে।
উল্লেখ্য, গত মে মাসের প্রথম সপ্তাহে নতুন বিধিমালার অধীনে আশরাফ পিসিবির প্রধানের পদ গ্রহণ করেন। এর আগে পিসিবির পৃষ্ঠপোষক হিসেবে দেশটির রাষ্ট্রপতি স্বয়ং বোর্ড সভাপতি নির্ধারণ করতেন। বোর্ডের সংবিধানে পরিবর্তন এনে এবারই প্রথম ভোটাভুটির মাধ্যমে সভাপতি নির্বাচনের পদ্ধতির প্রচলন করা হয়। তবে কোন ধরনের পূর্ব ঘোষণা না দিয়ে এই নির্বাচন করা হলে প্রথম থেকেই নির্বাচন নিয়ে নানা ধোয়াশার সৃষ্টি হয়। উল্লেখ্য, নির্বাচনের পর একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিসিবি তাদের নতুন সভাপতির নাম ঘোষণা করে।