হুমকির মুখে ওয়ার্নারের অ্যাশেজ
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২২:১০
ক্ষমা প্রার্থনাটা শেষ পর্যন্ত খুব বেশি কাজে এলো না ডেভিড ওয়ার্নারের জন্য। ইংলিশ খেলোয়াড় জো রুটকে শারীরিক আঘাত করার অভিযোগে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আসন্ন অ্যাশেজের দু’টি প্রস্তুতিম্যাচ থেকে বহিষ্কৃত হয়েছেন অস্ট্রেলিয়ান এই ওপেনার। ফলে গত বেশ কিছুদিন ধরেই ফর্মহীনতায় ভুগতে থাকা এই বাঁহাতি ব্যাটসম্যানের অ্যাশেজ সম্ভাবনাই এখন হুমকির সম্মুখীন। পাশাপাশি তাকে গুনতে হচ্ছে সাড়ে ১১ হাজার ডলারের আর্থিক জরিমানাও। মারামারির বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দু’পক্ষই স্বীকার করলেও মূল ঘটনা প্রকাশ করছিল না কেউই। তবে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের ধারণাই সত্য বলে প্রমাণীত হল।
জানা গেল, ঘটনার সঙ্গে জড়িত ইংলিশ খেলোয়াড়টি রুটই। গত শনিবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ শেষে রাত প্রায় দুইটার দিকে স্থানীয় একটা বারে গিয়েছিলেন ইংল্যান্ডের বেশ কয়েকজন খেলোয়াড়। সেখানে নকল দাড়ি লাগিয়ে সতীর্থদের সঙ্গে মজা করছিলেন রুট। তবে ওয়ার্নারের ভাষ্য অনুযায়ী, তার মনে হচ্ছিল রুট হাশিম আমলাকে ব্যঙ্গ করছেন। উত্তেজিত ওয়ার্নার হঠাত্ করেই ঘুষি হাকিয়ে বসেন রুটকে। যদিও উপস্থিত ইংলিশ খেলোয়াড়রা বলছেন, রুট শুধুই আনন্দের খাতিরে এরকমটা করছিলেন। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে রুটের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনাও করেছেন ওয়ার্নার। তবে মাত্র চার সপ্তাহ আগে ‘টু্ইটার বিতর্কে’র জন্ম দেয়া ওয়ার্নার এবার শুধু আর্থিক জরিমানা আর ক্ষমা প্রার্থনা করে পার পাবেন না, সেটা আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। দেশে ফেরত পাঠানো না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেয়া হয়েছে তাকে। খেলতে পারবেন না অ্যাশেজের আগে অস্ট্রেলিয়ার দু’টি প্রস্তুতি ম্যাচের একটিতেও। ফলে ঐতিহাসিক এই সিরিজের আগে নিজেকে প্রমাণের কোন সুযোগই পাচ্ছেন না তিনি। টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটেই এ বছর ওয়ার্নারের ফর্মটাও যাচ্ছে যাচ্ছেতাই। এ বছর তার টেস্ট এবং ওয়ানডে গড় যথাক্রমে ২৮ এবং ২০.৭৫। সর্বশেষ তিন ম্যাচে তার রান সংখ্যা ০, ০, এবং ৯।
অন্যদিকে কাউন্টিতে এ মৌসুমের সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস রজার্স বেশ জোরালো দাবী তুলেছেন দলে ফিরতে। সুতরাং উদ্বোধনী জুটি নিয়ে বেশ সমস্যায় ভুগতে থাকা অজিরা দ্বারস্থ হতে পারে এ মৌসুমে প্রায় ৭৮ গড়ে ৭৭০ রান করা রজার্সের। মিডল অর্ডারে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা শেন ওয়াটসনও হয়তো অচিরেই ফিরবেন তার প্রিয় জায়গায়। এ দুইজন ছাড়াও তৃতীয় ওপেনার হিসেবে আছেন এড কাওয়ানও। সুতরাং, নিষেধাজ্ঞাটা শুধু প্রস্তুতিম্যাচের জন্য হলেও এই মারামারির ঘটনায় ওয়ার্নারের অ্যাশেজ সম্ভাবনাও শেষ হয়ে যেতে পারে।