কর ফাঁকির অভিযোগ অস্বীকার করলেন মেসি

কর ফাঁকির অভিযোগ উঠেছে আর্জেন্টিনার অধিনায়ক ও বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি ও তার বাবা জর্জ হোর্হে মেসির বিপক্ষে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করলেন মেসি। তিনি বলেন, ‘এটা ভিত্তিহীন অভিযোগ। সবসময় কর পরিশোধ করছি আমরা।’ টানা চারবার জয় করেছেন ফুটবল বর্ষসেরা পুরস্কার। এর পরেও বিশ্বসেরা মেসিও জড়ালেন বিতর্কে। শুধু মেসির বিপক্ষেই নয়, তার বাবা জর্জ হোর্হের বিপক্ষে প্রায় ৫ মিলিয়ন ডলার কর ফাঁকির অভিযোগ এনেছে স্পেনের কর বিভাগ। তবে এই অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মেসি। এই অভিযোগ ভিত্তিহীন জানিয়ে মেসি বলেন, ‘এমন অভিযোগে খুবই অবাক হয়েছি আমি। কারণ কখনো কর প্রদানে নিয়মভঙ্গ করিনি। সবসময়ই কর দিয়েছি।’ তাই এই সমস্যা সামলাতে কর পরামর্শকের সাহায্য নেবার কথাও জানালেন মেসি, ‘আমাদের কর পরামর্শকের নির্দেশনুযায়ী সবসময় কর পরিশোধ করেছি। তাই এ সমস্যা দূর করার জন্য এখন কর পরামর্শকের পরামর্শ নিবো।’ আর এ ব্যাপারে মেসির বাবা হোর্হে বলেন, ‘নিশ্চয়ই কোথাও কোন ভুল হয়েছে। তাই ভুলটি সংশোধনের জন্য আমরা কর পরামর্শকের সাথে কথা বলবো। আমি এ বিষয়গুলো নিয়ে নাড়াচড়া করি না। কারণ আমি থাকি আর্জেন্টিনায়। আর এসব নিয়ে আমি এখনো মেসির সাথে কথাও বলিনি। কারণ আমি জানি এটি মিথ্যা অভিযোগ। তাই এ বিষয়ে মেসিকে জিজ্ঞাসা করে তাকে কষ্ট দেবার কোন প্রয়োজন নেই।’