সালাহউদ্দিন কাদেরের পক্ষে ৫ জন সাক্ষী দিতে পারবেন
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২২:৫৯
রাষ্ট্রপক্ষের ৪১ সাক্ষীর বিপরীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপি’র পক্ষে পাঁচজন সাক্ষী নির্দিষ্ট করে দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের ৪১তম ও শেষ সাক্ষীকে জেরা শেষে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এই সাক্ষীর সংখ্যা নির্দিষ্ট করে দেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের ৪১জন সাক্ষী ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন। এছাড়া তিন জন সাক্ষী মারা যাওয়ায় ও একজন ভারতে চলে যাওয়ায় তদন্ত কর্মকর্তার কাছে দেয়া তাদের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে। এর আগে সালাহউদ্দিন কাদেরের পক্ষে সাক্ষ্য দেয়ার জন্য এক হাজার ১৫৩ জনের তালিকা দিয়েছিল আসামিপক্ষ। সেখান থেকে সাক্ষীর সংখ্যা নির্দিষ্ট করে আগামী ১৭ জুন থেকে আসামিপক্ষে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এ সময়ের মধ্যে এই পাঁচজন সাক্ষীর নাম জমা দিতে বলা হয়েছে।
মামলার কার্যক্রম শুরুর দিকে সালাহউদ্দিন কাদেরের পক্ষে সাক্ষ্য দেয়ার জন্য এক হাজার ১৫৩ জনের তালিকা দেয়া হয়েছিল। এ তালিকায় সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক মন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সাধারণ সাক্ষীদেরও নাম রয়েছে। কয়েকদিন আগে সালাহউদ্দিন কাদেরের দেয়া সাক্ষীদের তালিকা বাতিলের জন্য আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে গতকাল শুনানির পর ট্রাইব্যুনাল সেই তালিকা থেকে পাঁচ জন নির্ধারণ করে দেন। সালাহউদ্দিন কাদেরসহ এই তালিকা থেকে মোট পাঁচ জন সাক্ষ্য দিতে পারবেন।
এদিকে, একই ট্রাইব্যুনাল জামায়াতের নায়েবে আমীর মো. আবদুস সোবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত বা এর অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ১৪ জুলাই দিন ধার্য করেছে।