না’গঞ্জে বুস্টার দিয়ে গ্যাস টানছে অসাধু প্রতিষ্ঠানগুলো

গ্যাসের অভাবে নারায়ণগঞ্জবাসী যেখানে বিক্ষুব্ধ হয়ে উঠছে সেখানে তিতাসের কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে মোটা অংকের উেকাচের বিনিময়ে গোপনে কিছুসংখ্যক অসাধু শিল্পপ্রতিষ্ঠানে বুস্টার মেশিনের মাধ্যমে টেনে নিচ্ছে গ্যাস। এতে আশেপাশের শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সংকট দেখা দেয়ার পাশাপাশি আবাসিক গ্রাহকরাও দুর্ভোগ পোহাচ্ছেন। অনেক প্রতিষ্ঠান যথাসময়ে তাদের পণ্য রফতানি করতে ব্যর্থ হচ্ছে। ফলে কোটি কোটি টাকার আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছে প্রতিষ্ঠানগুলো। ভুক্তভোগীরা তিতাস গ্যাস আঞ্চলিক অফিসে একাধিকবার অভিযোগ দেয়ার পরও কোন কাজ হয়নি। ফতুল্লার কাশিপুর ইউনিয়ন পরিষদের নরসিংপুর ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের মুসলিমনগর এলাকার শিল্প কারখানার মালিকরা ও এলাকাবাসী জানান, বিগত ২ মাস ধরে তারা প্রচণ্ড গ্যাস সংকটে ভুগছেন। নরসিংপুর এলাকায় অবস্থিত এনায়েতপুর স্পিনিং মিল ও মুসলিমনগর তারা স্পিনিং মিলে গ্যাসের পাইপলাইনে বুস্টার মেশিন বসানো হয়েছে। ওই বুস্টার মেশিন দিয়ে গ্যাস টেনে নিয়ে যাচ্ছে প্রতিষ্ঠান দু’টি। এতে করে আশেপাশের এলাকায় অবস্থিত জারজিস ইয়ার্ন ডাইং, স্কয়ার শিপার্স, হাজী হাশেম স্পিনিং মিলসসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান এবং এলাকাবাসী চরম গ্যাস সংকটে ভুগছে। দিনের বেশিরভাগ সময়ই তারা গ্যাস পাচ্ছে না। অভিযোগে আরো জানা গেছে, এনায়েতপুর স্পিনিং মিলের একটি তিন তলা ভবনের উপর বুস্টার মেশিনটি লাগানো হয়েছে। মেশিনটি যখন চালানো হয় তখন ওই ভবনটি বিকট শব্দে কেঁপে উঠে। যতক্ষণ পর্যন্ত মেশিনটি চলে ততক্ষণ পর্যন্ত ভূমিকম্পের মত কম্পন হতে থাকে। অপরদিকে ‘তারা স্পিনিং মিলে’ বুস্টার মেশিনটি জেনারেটর রুমের পাশেই স্থাপন করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া ফতুল্লা শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ ও বিস্ফোরক ছাড়পত্র ছাড়াই ভিন্ন পদ্ধতিতে হাইপ্রেসার লাইন থেকে সংযোগ দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। হাজী হাশেম স্পিনিং মিলসের এমডি এম সোলায়মান জানান, গ্যাস সংকটের কারণে বিকল্প জ্বালানি ব্যবহার করতে গিয়ে প্রতিদিন তার লাখ লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে। গত দু’মাস ধরে একেবারেই গ্যাস পাওয়া যাচ্ছে না। তাদের উত্পাদন অর্ধেকে নেমে এসেছে। তিতাস গ্যাস নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসে লিখিত অভিযোগ দেয়া হলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এ বিষয়ে এনায়েতপুর ও তারা স্পিনিং মিলের মালিকপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। এদিকে ফতুল্লার মাসদাইর, দেওভোগ, কাশিপুর, ভুঁইয়ারবাগ, চাঁদমারী, ইসদাইর, পশ্চিম মাসদাইর, জামতলা, প্রভৃতি এলাকায় দিনের বেশিরভাগ সময়ে গ্যাস থাকছে না। তিতাস গ্যাস নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসের ডিজিএম ও নারায়ণগঞ্জ ডিভিশনের জিএম প্রকৌশলী মোঃ সামশুজ্জামান বলেন, অবৈধ সংযোগের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। ওই দু’টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হবে। গ্যাস সংকট নিরসনে তিতাস গ্যাস কাজ চালিয়ে যাচ্ছে।’