না.গঞ্জে জেলা বিএনপি সভাপতি তৈমুরসহ ১৭ জনের জামিন

জেলার সিদ্ধিরগঞ্জে হেফাজতের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা পৃথক দুটি মামলায় জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনিরসহ ১৭ জনের জামিন দিয়েছে নিম্ন আদালত। নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজের প্রথম আদালতের বিচারক আলী আকবর গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে তৈমুর আলম খন্দকার বলেছেন, আমরা আইনের শাসন চাই। সরকার আইন ও পুলিশকে ব্যবহার করে বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতন করছে। আমি সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। উল্লেখ্য, হাইকোর্ট গত ১৯ মে পুলিশের দায়ের করা দুটি মামলায় একমাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে জেলা বিএনপি নেতা-কর্মীদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল।