সিটি কর্পোরেশন নির্বাচন

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিতে ১৪ দলের আহ্বান

আগামীকাল শনিবার অনুষ্ঠেয় দেশের চার সিটি কর্পোরেশন নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ আহ্বান জানান। মোহাম্মদ নাসিম বলেন, বরিশালে শওকত হোসেন হিরণ, সিলেটে বদরুদ্দিন আহমেদ কামরান, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন ও খুলনায় তালুকদার মো. আব্দুল খালেককে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ১৪ দলীয় জোট সমর্থন দিয়েছে। সন্ত্রাস-জঙ্গিবাদ-ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের বিজয়ী করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত সকল নির্বাচনের মতো আগামীকাল চার সিটি কর্পোরেশন নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।