রাজধানীতে পৃথক দুর্ঘটনায় চীনা নাগরিকসহ ৪ জন নিহত

রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে সিটি কর্পোরেশনের আবর্জনা পরিবহনের ট্রাকের ধাক্কায় এক চীনা নাগরিক নিহত হয়েছেন। যাত্রাবাড়িতে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল চাপা পড়ে শাওন নামে এক শিশু মারা গেছে। গুলশানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক রিকশা চালক আফজাল হোসেন সোহাগ নিহত হয়েছেন। খিলগাঁওয়ে কুলসুম আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। যাত্রাবাড়ি থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে সায়দাবাদ বাস টার্মিনালের সামনে ফ্লাইওভারের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় চীনা নাগরিক লু হু কং রিংগো (৪৫) সড়ক দুর্ঘটনায় মারা যান। লু হু কং রিংগো বারিধারা ডিওএইচএস এলাকার জেন জিপার কোম্পানির মার্কেটিং কর্মকর্তা ছিলেন। অন্য ঘটনায় সকাল সাড়ে নয়টার দিকে ধোলাইপাড় বাসস্ট্যান্ডের পাশে খেলার সময় শাওন নামে একটি শিশুর উপর দোকানের দেয়াল ভেঙ্গে পড়ে। যাত্রাবাড়ি থানার এসআই শাহজাহান জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম জাহাঙ্গীর হোসেন। সে দক্ষিণ যাত্রাবাড়ির ৮৯/বি নম্বর বাসায় থাকত। গুলশানে অজ্ঞানপার্টির কবলে পড়ে আফজাল হোসেন সোহাগ নামে এক রিকশাচালক মারা গেছেন। গুলশান থানার এসআই আসাদুজ্জামান জানান, বুধবার বিকাল চারটার দিকে গুলশানে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে অচেতন করে রিকশা নিয়ে পালিয়ে যায়। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। নিহতের বাবার নাম শওকত আলি। গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দক্ষিণ ইটখোলা গ্রামে। এদিকে খিলগাঁওয়ে কুলসুম আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পূর্ব গোরানের ২১৩/৩ নম্বর বাড়ি থেকে বুধবার রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।