অন্যায় করলে কেউ রেহাই পাবে না
এস এম মোজাম্মেল হক, চারঘাট (রাজশাহী)
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২৩:০৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীকে সতর্ক করে বলেছেন, বিভাগীয় শৃঙ্খলার ক্ষেত্রে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। অন্যায় করলে কাউকেই ছাড় দেয়া হবে না। বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ৩০তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি প্রশিক্ষণ লব্ধ জ্ঞানের মাধ্যমে নিরপেক্ষ, জনসম্পৃক্ত ও পেশাদার পুলিশি ভূমিকা পালনের আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী অপরাধের ধরন পাল্টাচ্ছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক জঙ্গীবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড দমন, সাইবার ক্রাইম, মানিলন্ডারিংসহ নতুন নতুন অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে। অপরাধ শনাক্তকরণে আন্তর্জাতিক মান অর্জন করতে হবে।
পুলিশ বাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এবার সরকারের দায়িত্ব নেওয়ার পর পুলিশে ৭৩৩টি ক্যাডার পদসহ ৩২ হাজার পদ সৃষ্টির সিদ্ধান্ত নেই। ইতোমধ্যে ৫শ’ টি ক্যাডার পদসহ ২৭ হাজার ৭৭৮টি নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। ট্যুরিস্ট পুলিশ, ক্যাম্পাস পুলিশ, নৌ পুলিশ গঠনের কাজ শীঘ্রই সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, আমরা দেশের প্রতিটি সেক্টরে সুষম উন্নয়ন নিশ্চিত করেছি। দেশে ব্যাপক কর্মসংস্থান হয়েছে। রিজার্ভ বেড়েছে। মূল্যস্ফীতি কমেছে। মাথাপিছু আয় ৬৩০ ডলার থেকে ৯৫০ ডলারে উন্নীত হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমাদের এ অর্জন ধরে রাখতে হবে। এ ক্ষেত্রে পুলিশের ব্যাপক ভূমিকা রয়েছে।
সমাপণী অনুষ্ঠানে শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পদক প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু, সংসদ সদস্য এবং পুলিশের আইজিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।