কথাসর্বস্ব দল নয় আওয়ামী লীগ
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২৩:০৭
সিরাজগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যা বলেন, তা বাস্তবায়ন করেন। আওয়ামী লীগ কোন কথা সর্বস্ব দল নয়। তিনি বৃহস্পতিবার সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে একথা বলেন।
তিনি বলেন, বিগত জাতীয় নির্বাচনে যেসব প্রতিশ্রুতি শেখ হাসিনা দেশবাসীকে দিয়েছিলেন, তার ওপর ভরসা করে দেশবাসী আওয়ামী লীগ তথা মহাজোটকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। এত সংখ্যাগরিষ্ঠতা পেয়েও আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করেনি, বরং শান্তিপূর্ণ সহ-অবস্থানের ওপর গুরুত্ব আরোপ করে। কিন্তু বিরোধী দল আওয়ামী লীগ তথা সরকারের সহনশীলতাকে কোন মর্যাদা দেয়নি। তিনি বলেন, সিরাগঞ্জবাসীকে দেয়া প্রায় সব প্রতিশ্রুতি শেখ হাসিনা পূরণ করেছেন। আগামী ২৭ জুন সিরাজগঞ্জ শহর থেকে ঢাকা পর্যন্ত বহুপ্রত্যাশিত সরাসরি আন্তঃনগর ট্রেন চালাবার ব্যবস্থা করে প্রধানমন্ত্রী আরেকটি প্রতিশ্রুতি পূরণ করলেন। তিনি এ ট্রেনটির নাম সিরাজগঞ্জ এক্সপ্রেস রাখার অনুরোধ জানান।
২৭ জুন থেকে ট্রেন চালুর লক্ষ্যে বাজার ও রায়পুর রেলওয়ে স্টেশন আধুনিকায়নের কাজ চলছে। আলোচনাকালে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ সূর্য, মোস্তফা কামাল খান, আব্দুস সামাদ তালুকদার, আলহাজ্ব ইসহাক আলী, দানিউল হক, মঈন উদ্দিন খান চিনু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় নেতা ফজল-এ-খোদা লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।