সবচেয়ে ধনী, সবচেয়ে গরীব প্রার্থী

চার সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী হলেন খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে মহাজোট সমর্থিত প্রার্থী তালুকদার আবদুল খালেক। নির্বাচন কমিশনে জমা দেয়া তার হলফনামায় দেয়া তথ্য অনুসারে বিদায়ী এ মেয়রের বর্তমান সম্পদের পরিমাণ ১০ কোটি ৪ লাখ ৫৬ হাজার ২৯২ টাকা। আর সবচেয়ে গরিব মেয়র প্রার্থী হলেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছালাহউদ্দিন রিমন। তার সম্পদের পরিমাণ নগদ ৪৫ হাজার টাকা। তার কোন স্থাবর সম্পদও নেই বলে নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় উল্লেখ করা হয়েছে। আর এ নির্বাচনে সবচেয়ে ঋণগ্রস্ত প্রার্থী হলেন বরিশালের ১৮ দল সমর্থিত আহসান হাবিব কামাল। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় দেয়া তথ্য অনুসারে সম্পদের তুলনায় তার দেনার পরিমাণ ১৮ গুণ বেশি। হিসাব বিবরণীতে দেখানো হয়েছে তার সম্পদের পরিমাণ মাত্র ২৭ লাখ ৭৩ হাজার টাকা। আর দায়-দেনার পরিমাণ ৪ কোটি ৮৫ লাখ টাকা। সম্পদের দিক থেকে দ্বিতীয় ধনী প্রার্থী হলেন বরিশালের মেয়র প্রার্থী ও সাবেক মেয়র শওকত হোসেন হিরন। তার সম্পদের পরিমাণ ৮ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৮১৮ টাকা। নির্বাচন কমিশনে দেয়া তথ্য অনুসারে তৃতীয় ধনী প্রার্থী হলে সিলেটের মেয়র প্রার্থী ও বিদায়ী মেয়র বদরউদ্দিন আহম্মদ কামরান। তার মোট সম্পদের পরিমাণ ৫ কোটি ৬২ হাজার ৬২৪ টাকা। চতুর্থ ধনী প্রার্থী হলেন সিলেটের ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী। তার সম্পদের পরিমাণ ২ কোটি ৭৯ লাখ টাকা। আর পঞ্চম ধনী মেয়র প্রার্থী হলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মহাজোট প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তার সম্পদের পরিমাণ ১ কোটি ৯৪ লাখ ৪৭ হাজার ১১৮ টাকা। তার প্রতিদ্বন্দ্বী ১৮ দলীয় জোটের মোসাদ্দেক হোসেনের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৬ লাখ ১২ হাজার ১৫৫ টাকা। খুলনায় ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী মনিরুজ্জামানের মোট সম্পদের পরিমাণ ৩০ লাখ ৫৫ হাজার ৫৩৭ টাকা। তার কোন দায় দেনা নেই বলে কমিশনে পাঠানো হলফনামায় উল্লেখ করা হয়েছে।