খালেক, মনি, মধুর পক্ষে ভোট চাইলেন স্ত্রীরা
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২৩:১০
স্বামীদের জয়ের ব্যাপারে বেশ আশাবাদী খুলনা সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন মেয়র প্রার্থীর স্ত্রীরা। তারা টানা গণসংযোগ চালিয়েছেন স্বামীদের পক্ষে। নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন তারা। স্ত্রীরা জানালেন, স্বামীর পাশে থেকে কাজ করতে চান তারা। মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের স্ত্রী ও বাগেরহাট-৩ আসনের এমপি হাবিবুন নাহার জানালেন, সিটি কর্পোরেশনের মানুষ খালেক সাহেবের গত আমলে যদি উন্নয়নমূলক কাজকর্মের মূল্যায়ন করেন তাহলে এবারও তারা তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। গণমাধ্যমে কোন ইন্টারভিউ দিতে তার আগ্রহ কম। কারণ হিসাবে তিনি বলেন, পত্রিকায় লেখা হয় নগরীর রাস্তাঘাটের বেহাল দশা। কিন্তু গত সাড়ে ৪ বছরে নগরীতে প্রায় সাড়ে ১৩শ’ রাস্তা হয়েছে তা নিয়ে খবর লেখা হয় না। এক প্রশ্নের জবাবে হাবিবুন নাহার বলেন, খালেককে পরামর্শ দেয়ার মতো সুযোগ নেই। সে যা বুঝে তাই করে। এদিকে ১৮ দল সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনির স্ত্রী মিসেস ফৌজিয়া জামান ইত্তেফাককে বলেন, তিনি প্রতিদিনই এলাকার নারীদের নিয়ে মনির নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তার স্বামীর জয়ের ব্যাপারে তিনি খুবই আশাবাদী। নির্বাাচিত হলে স্বামীকে কী পরামর্শ দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নগরবসীর নাগরিক সুবিধা বৃদ্ধি এবং নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টি অগ্রাধিকার দিতে বলবেন। অপর এক প্রশ্নের জবাবে মিসেস জামান বলেন, জয়-পরাজয় থাকবেই। পরাজিত হলেও নগরবাসীর পাশে আমরা থাকবো।
জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধুর স্ত্রী মিসেস নাজমা আক্তার সকাল থেকে রাত পর্যন্ত নারীদের নিয়ে প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ করেছেন। নিরপেক্ষ নির্বাচন হলে স্বামী জিতবে বলে তিনি শক্তভাবে বিশ্বাস করেন। তবে তিনি ভোটের ক্ষেত্রে যাতে কোন কারচুপি না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান।