চট্টগ্রামে বিএনপি নেতা আসলাম চৌধুরী জামিনে মুক্ত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২৩:১০
বাংলাদেশ জাতীয়বাদী দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক লায়ন আসলাম চৌধুরী এফসিএ গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছে।
হাইকোর্টের বিচারপতি রেজাউল হক ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের যৌথ বেঞ্চে গত ৯ জুন আসলামকে ৬ মাসের জামিন দেন। বৃহস্পতিবার বেলা ১২টায় তিনি চট্টগ্রাম কারাগার থেকে মুক্তিপান। এসময় দলীয় নেতা-কর্মীরা জেল গেট থেকে তাকে বরণ করে নেয়। জেলগেটে তিনি বলেন, এ সরকারের দমনপীড়ন ও পুলিশের দায়ের করা মিথ্যা মামলা রুখতে হবে। সীতাকুণ্ডের দৈনিক আমারদেশ প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলামকে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলায় জড়ানোর নিন্দা করে তিনি মিথ্যা মামলার হোতা বর্তমান ওসিকে অনতিবিলম্বে বদলির দাবি জানান।
সম্প্রতি ফৌজদারহাট এলাকায় হরতালে পুলিশের সাথে সংঘর্ষ ও ভাংচুর ঘটনায় আসলাম চৌধুরীকে হুকুমের আসামি করে একটি ভাংচুরের মামলা রুজু করে সীতাকুণ্ড থানা পুলিশ। উক্ত মামলায় তিনি ৬ জুন আদালতে হাজির হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।