খুলনায় গোয়েন্দা নজরদারিতে তিন মেয়র প্রার্থী
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২৩:১০
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে তিন মেয়র প্রার্থীর ওপর কঠোর গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। প্রার্থীরা যাতে অর্থের বিনিময়ে ভোট কেনা, পেশীশক্তি প্রয়োগ করে ভোটদানে বাধ্য করা ও চরমপন্থি-সন্ত্রাসী ব্যবহার করতে না পারে সেজন্য মাঠে কাজ করছে একাধিক গোয়েন্দা সংস্থা।
জানা গেছে, ভোট গ্রহণের সময় যতই ঘনিয়ে আসছে ততই এই তিনটি অপরাধে প্রার্থীদের জড়িয়ে পড়ার আশঙ্কা স্পষ্ট হয়ে উঠছে। জাতীয় পার্টি (এ) সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম মধুসহ তিনজন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ সমর্থিত তালুকদার আব্দুল খালেক ও বিএনপি সমর্থিত মনিরুজ্জামান মনির মধ্যে। এ জন্য তাদের কর্মকান্ডকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হয়েছে। নগরীর কয়েকটি বস্তি এলাকা, শ্রেণী ও পেশাভিত্তিক ভোটারদের কাছে টানতে টাকার ছড়াছড়ি ও বলপ্রয়োগ করে ভোটদানে বাধ্য করার অপকর্মটি ভোটের আগের রাতে করা হয়ে থাকে। কিন্তু অস্ত্রও মজুদ আগেভাগেই করা হয়।
এ বিষয়টি আগাম নজরদারিতে আনা হয়েছে। এছাড়া প্রার্থীরা যাতে কোনো চরমপন্থি বা সন্ত্রাসীকে নির্বাচনী কাজে ব্যবহার করতে না পারে সে জন্য খোঁজ-খবর নেয়ার ব্যাপারে তত্পরতা আরো বৃদ্ধি করা হয়েছে। এ কাজে সোর্স ব্যবহার করা হচ্ছে অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি। গোয়েন্দা সূত্রগুলোর ধারণা, এবার নির্বাচনে মিডিয়া তত্পরতা বাড়ার কারণে প্রার্থীরা পেশীশক্তি প্রয়োগ করে ভোটদানে বাধ্য করা ও চরমপন্থি-সন্ত্রাসীদের ব্যবহার করার মতো ঝুঁকি কেউ নেবে বলে মনে হয় না। তবে টাকার বিনিময়ে ভোট কেনার বিষয়টি উড়িয়ে দেয়া যায় না।