থাইল্যান্ডের বিখ্যাত মায়া সৈকত ২০২১ সাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত পর্যটকের চাপে সেখানকার প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফি ফি লেহ দ্বীপে অবস্থিত এই মায়া সৈকত পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান। হলিউড তারকা লিওনার্দো ডিকেপ্রিও অভিনীত সিনেমা ‘দ্য বিচ’ এর বেশিরভাগ স্যুটিং হয়েছিল এখানে। ২০০০ সালে মুক্তি পাওয়া সেই ছবিটি তখন ব্যাপক জনপ্রিয়তা পায়। সেইসঙ্গে পর্যটকদের কাছেও স্থানটি পছন্দের তালিকায় শীর্ষে উঠে আসে। গতবছরও সৈকতটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এর কারণ হিসাবে ধরা হয়েছিল সৈকতে বাড়তি মানুষের চাপ।
কর্তৃপক্ষ জানিয়েছেন, অতিরিক্ত মানুষের চাপে সেখানকার প্রবাল মরে যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে হুমকিতে পড়েছে। তাই তখন তারা এ সিদ্ধান্ত নিয়েছিলেন। কর্তৃপক্ষ আরো জানিয়েছেন, পরিস্থিতি দিনে দিনে আরো খারাপের দিকে যাচ্ছে। জীববৈচিত্র্যও মারাত্মকভাবে হুমকিতে পড়েছে। এ অবস্থায় তারা বাধ্য হয়ে সৈকতটি আরো দুই বছর অর্থাত্ ২০২১ সাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, গতবছর সৈকতটি বন্ধ থাকার পর সমুদ্রে হাঙরদের আনাগোনা দেখা গিয়েছিল। এতে করে তাদের মনে হয়েছে পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। গত জানুয়ারিতে থাই ডিপার্টমেন্ট অব ন্যাশনাল পার্কের উপদেষ্টা অধ্যাপক থন থামরংনাওয়াসাওয়াত বলেছিলেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সৈকতে পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে এবং সৈকত এলাকায় নৌকা চলাচল করতে দেওয়া হবে না।
ইত্তেফাক/এসআর