রাজশাহীতে জয়ের টিকিট নারীদের ভোটে
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২৩:১২
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এবার প্রার্থীদের এবং এলাকার ভাগ্য নির্ধারন করবেন নারীরা। নারীদের ভোট যে প্রার্থীর ব্যাগে বেশী যাবে, তিনিই পাবেন জয়ের চূড়ান্ত টিকেট। এ নির্বাচনী এলাকায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশী। বিষয়টি নজর কেড়েছে প্রার্থী-সমর্থন-ভোটারদের। তাই মেয়র পদপ্রার্থীরাও আগামীকাল শনিবার অনুষ্ঠেয় নির্বাচনে ভোট পেতে নারী-বান্ধব প্রতিশ্রুতি অপেক্ষাকৃত বেশী দিচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে নারীদের মধ্যে প্রচারণা চালাচ্ছেন মেয়র পদপ্রার্থীদের স্ত্রী, আ্তীীয়-স্বজন এবং নারী কর্মীরা।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় মোট ভোটার দুই লাখ ৮৬ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৪৩ হাজার ৩৮৬ জন আর নারী এক লাখ ৪৩ হাজার ৫০২ জন।
১৪দল সমর্থিত ও নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান নারীদের প্রতি লক্ষ্য রেখে তার ইশতেহারে উল্লেখ করেছেন, নারীদের প্রতি সহিংস আচরণ বন্ধে সুশীল সমাজের প্রতিনিধি ও নারীনেত্রীদের সঙ্গে নিয়ে প্রতিটি ওয়ার্ডে পর্যবেক্ষণ ও পরামর্শ কর্মসূচি নেবেন। নগরের সব বাসাবাড়িতে রান্নার জন্য গ্যাসসংযোগ সমপ্রসারিত করা, পোশাক কারখানা স্থাপন করে নারীদের কর্মসংস্থান করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
১৮ দল সমর্থিত ও সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন তার নির্বাচনী ইশতেহারে বলেছেন, নারীদের কর্মসংস্থানের জন্য প্রতিটি ওয়ার্ডে বিনা সুদে ৫০ হাজার টাকা দেবেন। নির্বাচিত হলে তিনিও বাসাবাড়িতে গ্যাসসংযোগ দেওয়ার এবং নারীদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।