টিভির ক্যামেরা এড়িয়ে চলেন কামাল
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ২৩:১৩
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয়তাবাদী নাগরিক কমিটির মেয়র প্রার্থী আহসান হাবিব কামালকে টিভি ক্যামেরায় খুব কমই দেখা যায়। তাঁর পক্ষে নির্বাচন পরিচালনাকারী মিডিয়া উইংয়ের কর্মীরা সচেতনভাবে তাঁকে ইলোক্ট্রনিক মিডিয়ার মুখোমুখি হতে দেন না। নির্বাচনী প্রচারণা শুরুর পর একাধিক টিভি চ্যানেলে সাক্ষাত্কার দেয়ার সময় স্বল্পবাক কামাল কথা বলতে গিয়ে অনেক সময় অস্বস্তি বোধ করেন। এ কারণে ক্যামেরার সামনে আসতে তার আগ্রহ কম। গত বুধবার রাতে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বরিশালে অনুষ্ঠিত বিবিসি সংলাপেও কামাল অংশ নেননি।
দুই সাবেক নগর পিতা
স্বাধীনতার পর বরিশাল পৌরসভা ও সিটি কর্পোরেশনে চেয়ারম্যান ও মেয়র পদে আসীন ছিলেন ৬ জন। তারা হলেন: আবুল হাসানাত আব্দুল্লাহ, আব্দুর রহমান বিশ্বাস, গোলাম মাওলা, আহসান হাবিব কামাল, মজিবর রহমান সরোয়ার ও শওকত হোসেন হিরন। কামাল ও হিরন সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে প্রার্থী। এ নির্বাচনে হিরনের পক্ষে আওয়ামী লীগের সাবেক চীফ হুইপ আবুল হাসানাত এবং কামালের পক্ষে বিএনপির সাবেক হুইপ ও মেয়র সরোয়ার এমপি জনসংযোগ করছেন। সরোয়ার আবার কামালের প্রধান নির্বাচনী সমন্বয়কারী।
প্রিজন ভ্যানে হাজতিদের শ্লোগান
আদালতে হাজিরা শেষে কারাগারে নিয়ে যাওয়ার পথে প্রিজন ভ্যানের প্রিজনাররাও এক মেয়র প্রার্থীর প্রতীকের পক্ষে শ্লোগান দেয়। গত বুধবার দুপুরে বরিশালের সদর রোডে প্রিজনভ্যান থেকে আহসান হাবিব কামালের আনারস প্রতীকের পক্ষে এ শ্লোগান ওঠে। এ সময় বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার এমপি আনারসের পক্ষে জনসংযোগ করছিলেন। তিনি হাত নেড়ে হাজতিদের শুভেচ্ছা জানান।