কিশোরীদের স্বাবলম্বী করার উদ্যোগ
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১৪ জুন ২০১৩, ১৯:৪০
শরণখোলায় ১৯ জন কিশোরীর মাঝে ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। স্কুল থেকে ঝরে পড়া কিশোরীদের স্বাবলম্বী করতে সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং ইউনিসেফের আর্থিক সহযোগিতায় উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ এ উদ্যোগ নিয়েছে। সমপ্রতি উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক শেখ আসাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. মামুনউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন ও শরণখোলা প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক আঃ মালেক রেজা, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, ব্র্যাকের ব্যবস্থাপক নাজমা খাতুন, কিশোরীদের পক্ষে লিমা আক্তার, উদয়নের পরিচালক (কর্মসূচি) আসলাম আলী মৃধা ও শিক্ষা কর্মসূচির কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।