এক জোড়া ডেভিড লুইস!
প্রকাশ : ১৪ জুন ২০১৩, ২১:৩৮
কোকড়া চুল, প্রায় একইরকম চেহারা, ক্লাবে নীল জার্সি পরে খেলেন, এপ্রিল মাসে জন্ম, ব্রাজিলের মানুষ, দলে অবস্থান সেন্টার ব্যাক—দু’জন খেলোয়াড়ের মধ্যে এই ক’টা মিলই যথেষ্ট মানুষকে বিস্মিত করে ফেলতে। তবে আসল বিস্ময় এখনও বাকী থেকে গেছে—দু’জনেরই পিতৃদত্ত নাম ডেভিড লুইস!
হ্যাঁ, ব্রাজিলের ডেভিড লুইস। বিখ্যাত ডেভিড লুইসকে তো সবাই চেনেনই। চেলসির তারকা ডেভিড লুইস ইদানিং জাতীয় দলের হয়েও দারুণ মাঠ কাঁপাচ্ছেন। এই ডিফেন্ডারকে কিছুদিন আগে দলের সহঅধিনায়ক করা হয়েছে; বিশ্বকাপে হয়তো ব্রাজিলের অধিনায়কত্বও করবেন তিনি। কিন্তু আরেকজন ডেভিড লুইস এলেন কোত্থেকে?
এখানেই তো চমক! শুনলে যেন মনে হয় এই পৃথিবীতে চেলসি তারকা ডেভিড লুইসের আরেকটা ‘ফটোকপি’ করে কেউ ছেড়ে দিয়েছে। ব্রাজিলেরই গ্যালিসিয়া দলের ডিফেন্ডার ডেভিড লুইস। চেহারা-টেহারা মিলে যেখানেই যান লোকে তাকে চেলসির লুইস বলে ভুল করে বসছে। এরপর নামটা বললে তো আরও কেলেঙ্কারি। অথচ দু’জন প্রায় একই বয়সী বলে চেলসির লুইসকে দেখে তার নাম রাখার সুযোগ নেই।
তাহলে? তাহলে আর কী! পুরো ব্যাপারটাকে কাকতাল বলেই মেনে নিতে হচ্ছে।
গ্যালিসিয়ার লুইস তাই মেনে নিয়েছেন। এই মেনে নেয়ার পাশাপাশি এতোসব মিলের কারণে তার একটা ইচ্ছাও তৈরি হয়েছে—চেলসির লুইসের সঙ্গে একসাথে খেলার ইচ্ছা। তবে একসাথে চেলসিতে বা গ্যালিসিয়ায় খেলতে চান না; স্বপ্নটা তার হলুদ জার্সি নিয়ে! নিজেই হেসে বলেছেন, ‘আমি এখনও ওকে সামনাসামনি কখনো দেখিনি। টিভিতে দেখে বুঝি, মিল আছে। যেখানেই যাই লোকে বলে, আমি ওর মতো দেখতে। কে জানে, দু’জন হয়তো এক সঙ্গে ব্রাজিল দলে খেলব।’
কিন্তু ব্রাজিল দল কি দু’জন ‘ডেভিড লুইস’ নামের সেন্ট্রার ব্যাক দলে নেবে? গ্যালিসিয়ার লুইস খুব আশাবাদী, ‘কেন নেবে না। আমাদের জুটি ভালেই হবে। আমাদের সব তো এক নয়। ও ডান পায়ের খেলোয়াড়, আমি বাম পায়ের।’
যাক, একটা পার্থক্য পাওয়া গেল!