বুকের দুধ পানকারীরা ভাগ্যবান

বুকের দুধ শিশুর স্বাস্থ্যের জন্য উপকারী। বুকের দুধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ইত্যাদি নানা কথা শুনে আসছি। এবার বুকের দুধের উপকারিতা নিয়ে একটি আধুনিক বিজ্ঞানসম্মত গবেষণার ফলাফলে বলা হয়েছে, বুকের দুধ শিশুদের মস্তিষ্ক গঠনে সহায়ক। আর মস্তিষ্কের সবচাইতে গুরুত্বপূর্ণ এরিয়া যেমন: প্লানিং, সোস্যাল ও ইমোশনাল ফাংশন, ইনটিলেজেন্স ও ল্যাংগুয়েজ এরিয়াগুলোকে শুধু প্রখর করে তাই নয়, শিশুর ভবিষ্যত্ও নির্ধারিত হয় মস্তিষ্কের এসব অংশের সুগঠনের ওপর। আর সাফল্যও নির্ধারিত হয় মস্তিষ্কের এসব অংশের গঠনের ওপর অনেকটাই। আর এ তথ্যটি প্রকাশিত হয়েছে, নিউরোইমেজ জার্নালে। ছোট শিশুদের ব্রেইন স্ক্যান করে এসব তথ্য পাওয়া যায়। বিশেষজ্ঞগণ তিনটি গ্রুপে বিভক্ত করে ১০ মাস থেকে ৪ বছর বয়সী ১৩৩ জন শিশুর ব্রেইনের এমআরই (ম্যাগনেটিক রেসোন্যান্স ইমেজিং) করেন। গবেষণায় দেখা যায় যে সব শিশু শুধু বুকের দুধ পান করেছেন তাদের মস্তিষ্ক সুগঠিত হয়েছে সবচেয়ে বেশি। তবে গবেষণার অথার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সিয়ান সিএল দিওয়ানী উল্লেখ করেছেন, যাদের শিশুরা বুকের দুধ পান করেনি বা যারা বুকের দুধ ও প্রক্রিয়াজাত দুধ পান করেছে সেসব শিশুদের মস্তিষ্ক দুর্বল হবে তা ঠিক নয়। এটা নির্ভর করে পরিবারের যত্ন ও সম্পূরক খাবার আমরা কতটা দিতে পেরেছি তার ওপরও। তবে মায়ের দুধই সেরা এ নিয়ে কোন বিতর্ক নেই। লেখক : চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ