শ্রম আইন সংশোধনে গণশুনানিতে ক্ষোভ
প্রকাশ : ১৪ জুন ২০১৩, ২১:৪২
বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল’২০১৩ এর সংশোধনী নিয়ে আয়োজিত গণশুনানিতে শ্রমিক নেতারা অভিযোগ করেছেন, এ আইনে শ্রমিকের চেয়ে মালিকই বেশি লাভবান হবেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গণশুনানির আয়োজন করে। গণশুনানি পরিচালনা করেন স্থায়ী কমিটির সভাপতি মো. ইসরাফিল আলম। শ্রমিক নেতারা আইনের সংশোধনে ‘অংশগ্রহণমূলক’ কমিটি রাখার বিধানের সমালোচনা করে বলেছেন, এতে করে ট্রেড ইউনিয়ন করার অধিকার খর্ব হবে। শ্রম আইনে অসদাচরণের দায়ে শ্রমিকদের মতো মালিকদেরও কারাদণ্ডের বিধান রাখার দাবি জানান তারা। প্রথম দফায় শুনানিতে পোশাক শিল্প শ্রমিক সংগঠনগুলো অংশ নেয়। দ্বিতীয় দফায় আজ শনিবার অনুষ্ঠিতব্য শুনানিতে মালিকরা অংশগ্রহণ করবেন। এর আগে গত মাসে পোশাক শিল্প খাতের নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত গণশুনানিতে মালিক, শ্রমিক, বিদেশি ক্রেতা ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন।
গত ৫ জুন শ্রম আইন সংশোধন বিলটি সংসদে উপস্থাপন করেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমিক নেতা চন্দন কুমার দে, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের মুজিবুর রহমান ভুঁইয়া, স্বাধীন বাংলা গার্মেন্টস কর্মচারী লীগের সভাপতি শামীমা নাসরিন প্রমুখ।