এবার পাকিস্তানি কোচের চেষ্টায় হকি ফেডারেশন
প্রকাশ : ১৪ জুন ২০১৩, ২২:০১
জাতীয় দলের জন্য কোচ আনতে হিমশিম দশায় পড়া হকি ফেডারেশন এবার পাকিস্তান জাতীয় দলের সাবেক খেলোয়াড় নাভিদ আলমকে আনার চেষ্টা চালাচ্ছে। ভারতের একাধিক কোচের সাথে আলোচনা করেও কাউকে চুড়ান্ত করতে না পারার পর নাভিদকে ছয় মাসের জন্য সাড়ে তিন হাজার ডলার বেতনে আনার চেষ্টা চালাচ্ছে ফেডারেশন।
হকি ফেডারেশন সূত্রে জানা গেছে, নাভিদ আলম পাকিস্তান অলিম্পিক দল ও চীন হকি দলের দায়িত্বে ছিলেন। এছাড়া হল্যান্ড ও বেলজিয়ামে ক্লাব কোচিংয়ে যুক্ত ছিলেন তিনি। বর্তমানে ৪৫ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার বাংলাদেশ হকি দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। হকি ফেডারেশনের সিলেকশন কমিটির সদস্য সাবেক খেলোয়াড় মামুনুর রশিদ জানিয়েছেন দুই শতাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নাভিদ। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানিয়েছেন ভারতীয় কোচ হরিন্দর সিংকে তার প্রতিষ্ঠান এক বছরের জন্য ছাড়তে রাজি না। রাজেন্দর সিংকে চেয়ে পাওয়া যায়নি। সেজন্য তারা পাকিস্তানি কোচের দিকে হাত বাড়িয়েছেন।