সেমির আশা বাঁচিয়ে রাখলো শ্রীলঙ্কা

ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা দলের দুই অধিনায়ক অ্যালিস্টার কুক এবং অ্যাঞ্জোলো ম্যাথুস ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রসংশার বৃষ্টিতে স্নাত করলেন কুমার সাঙ্গাকারাকে। কারণ সাঙ্গাকারার অপরাজিত ১৩৪ রানের দুর্দান্ত ইনিংসের কল্যাণেই লঙ্কানরা ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির গত বৃহস্পতিবারের ম্যাচে স্বাগতিকদের সাত উইকেটে পরাজিত করে। এই জয়ের ফলে সেমিফাইনালের আশাও জিইয়ে রাখলো তারা। নিজেদের ইতিহাসে অষ্টম সর্বোচ্চ রান তাড়া করে জেতার পরে লঙ্কান অধিনায়ক জয়ের সিংহভাগ কৃতিত্ব দিলেন সাঙ্গাকারাকে। ম্যাথুস বলেন, ‘সাঙ্গা দুর্দান্ত ব্যাটিং করেছে। তার মতো একজনকে তিন নম্বরে পাওয়া আসলেই সৌভাগ্যের বিষয়।’ তবে ম্যাথুস ভুলে যাননি বিজয়ের পার্শ্বনায়ক নুয়ান কুলাসেকারার কথাও। নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নেমে সাঙ্গাকারার সঙ্গে তার অবিচ্ছিন্ন ১১০ রানের জুটিতেই ১৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে শ্রীলঙ্কা। আর ব্যাটিং পাওয়ার প্লে সুবিধাকে কাজে লাগাতে পাঁচ নম্বরে কুলাসেকারাকে নামানোর সিদ্ধান্তের জন্য ম্যাথুস কৃতিত্ব দিয়েছেন টিম ম্যানেজমেন্টকেও। তিনি বলেন,‘ ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল তাকে (কুলাসেকারা) আগে নামানোর। সে দারুণ খেলেছে এবং সিদ্ধান্তটা কাজে লেগেছে।’ প্রায় একই কথা বললেন কুকও। তিনি বলেন,‘অবশ্যই দুর্দান্ত একটা সেঞ্চুরি ছিল এটা। আপনি যখন ৩০০ রান তাড়া করবেন তখন কোনো একজনকে অসাধারণ ব্যাট করতে হবে। যদিও বল খুব ভালোভাবে ব্যাটে আসছিল তবে আপনাকে তার (সাঙ্গাকারার) প্রাপ্য কৃতিত্ব দিতেই হবে।’