আমার দেশের প্রেস খুলে দিন

দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের রিমান্ড বাতিল করে তাকে মুক্তি এবং আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দেয়ার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী। গতকাল শুক্রবার এক বিবৃতিতে মাহমুদুর রহমানকে নতুন করে তিন দিনের রিমান্ডে নেয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাহমুদুর রহমান কোনোভাবেই ধর্মীয় উস্কানি দেননি। নাস্তিক ব্লগারদের রাসুল অবমাননা ও ইসলাম বিদ্বেষী অপতত্পরতার খবর প্রকাশ করে তিনি বেআইনি কাজ করেননি। নাস্তিক্যবাদিরা ব্লগে আল্লাহ রাসুল ইসলাম সম্পর্কে যেভাবে আক্রমণ করেছে, তা জাতিকে জানিয়েছেন মাত্র। তিনি সত্য ও ন্যায় বিচারের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে কলমযুদ্ধ চালিয়ে গেছেন। বিবৃতিতে আল্লামা আহমদ শফী আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দিয়ে পত্রিকা প্রকাশের সকল প্রতিবন্ধকতা দূর করে সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের অঙ্গীকার বাস্তবায়ন করারও আহ্বান জানিয়েছেন।