অর্পিত সম্পত্তি দ্রুত সময়ে ফেরত দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ :তথ্যমন্ত্রী
প্রকাশ : ১৪ জুন ২০১৩, ২২:৫১
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অর্পিত সম্পত্তি দ্রুত সময়ের মধ্যে বর্তমান সরকার ভুক্তভোগীদের কাছে ফেরত দিতে অঙ্গীকারাবদ্ধ। তবে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন নিয়ে দীর্ঘদিন ধরে তর্ক-বিতর্ক হচ্ছে। বর্তমান আইনে কিছু অসঙ্গতি রয়েছে। এসব ক্ষেত্রে সংশোধনী আনা না হলে ভুক্তভোগীদের কাছে সম্পত্তি ফেরত দেয়া কঠিন। তাই হয়রানি বন্ধ করে ভুক্তভোগীদের কাছে সম্পত্তি ফেরত দিতে আইনে সংশোধনী আনা যেতে পারে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শুক্রবার ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ সংশোধনের ১৮ মাস বাস্তবায়নের অভিজ্ঞতা এবং মাঠ পর্যায়ের সমস্যা’ শীর্ষক দিনব্যাপী গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আদালতের রায় অমান্য করে ২৩ মার্চ ১৯৭৪-এর পর যেসব সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত করা হয়েছে সেসব সম্পত্তির তালিকা অবৈধ ঘোষণা করে বাদ দেয়ার দাবি সমর্থনযোগ্য। এছাড়া সম্পত্তি প্রত্যর্পণ আইন ২০০১-এর ১৩ ধারা অনুযায়ী প্রশমনের যে বিধান রয়েছে এটা ত্রুটিপূর্ণ। এ বিষয়টি নিয়ে আমি আলোচনার জোর দাবি জানাই।
গোলটেবিল বৈঠকের দ্বিতীয় পর্বের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারাকাত। তিনি বলেন, গত ৫ মে যে সংশোধনী আনা হয়েছে তাতে এটি প্রত্যর্পণ আইন নয় বরং গ্রাস করার আইন। এ প্রচেষ্টা অসাম্প্রদায়িক ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আলাপ-আলোচনার মাধ্যমে এ আইন বাতিল করে আরেকটি আইন প্রণয়ন করা দরকার। আইন সালিশ কেন্দ্র, এএলআরডি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলন, সম্মিলিত সামাজিক আন্দোলন, নিজেরা করি, এইচডিআরসি, ব্লাস্ট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।