ভোট চুরির দুরভিসন্ধি থাকায় নির্বাচনে সেনা মোতায়েন হয়নি : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার ভোটের ফলাফল নিজেদের পক্ষে নেয়ার জন্য যে পরিকল্পনা করেছে তা বাস্তবায়নের জন্য সেনাবাহিনী মোতায়েন করেনি। তাদের মনে যদি ভোট কারচুপির দুরভিসন্ধি না থাকে তাহলে সেনা মোতায়েনে এতো ভয় কেন? আজ অনুষ্ঠেয় চার সিটি করপোরেশন নির্বাচন মহাজোট সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) জন্য অগ্নিপরীক্ষা । গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘চার সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি এবং নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় মওদুদ এসব কথা বলেন। সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, বিরোধীদলীয় নেতার উপদেষ্টা হায়দার আলী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, যুব দলের সহ-সভাপতি ফারুক আহমেদ।