অর্থমন্ত্রী সিলেটে নির্বাচন প্রভাবিত করছেন

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচন পরিচালনাা জন্য গঠিত সম্মিলিত নাগরিক জোট এক জরুরি সংবাদ সম্মেলন করে বলেছে, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেটে অবস্থান করে নির্বাচন প্রভাবিত করছেন। তিনি আচরণবিধিও লঙ্ঘন করছেন। সরকার দলীয় সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পরাজয় নিশ্চিত জেনে সরকার ভোট ডাকাতির ষড়যন্ত্র করছে। এ জন্য তারা ২০টি কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করতে পারে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট আবুল কাহের শামীম সংবাদ সম্মেলনে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার ও প্রচারণা শেষ হলেও ভোট গ্রহণের আগ মুহূর্তে সরকার ও সরকার দলীয় প্রার্থী জনগণের রায় ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র শুরু করেছে। ছাত্রলীগের এই সন্ত্রাসীরা ২০টি ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে বলে আবুল কাহের দাবি করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, অর্থমন্ত্রী শুক্রবার থেকে সিলেটে অবস্থান করায় নির্বাচন প্রভাবিত হচ্ছে। অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বজলুল করিমের নেতৃত্বে আওয়ামী লীগের একটি বিশেষ টিম সিলেটে অবস্থান করে পুলিশ প্রশাসনকে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করতে প্রভাবিত ও উত্সাহিত করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।