তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন একজন আদর্শবান সাংবাদিক
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৪ জুন ২০১৩, ২৩:০০
শরীয়তপুর নড়িয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক সাংবাদিক জগতের নক্ষত্র তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে শুক্রবার সকালে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অবঃ) শওকত আলী এমপি। নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মো: কবির উজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ফকির, মোক্তারের চর ইউ.পি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন বেপারী, মাস্টার ওবায়দুল হক বাবুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডি. এম বরকত আলী মুরাদ, বিটিভি জেলা প্রতিনিধি মফিজুর রহমান রিপন, প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল হোসেন স্বপন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হোসাইন, সাংবাদিক সাখাওয়াত ইবনে ছবি প্রমুখ। ডেপুটি স্পিকার বলেন, তফাজ্জল হোসেন মানিক মিয়া একজন আদর্শ ও নিষ্ঠাবান সাংবাদিক ছিলেন। তারমতো সাংবাদিক বর্তমানে জাতির এই ক্রান্তিলগ্নে বড়ই প্রয়োজন। তার আদর্শকে সামনে রেখে বর্তমান সাংবাদিক জগত্ এগিয়ে যাবে।