আজ বাবাকে নিয়ে সরাসরি অনুষ্ঠানে কথা বলবেন নুহাশ হুমায়ূন

আজ রোববার বাবাদের ভালোবাসা জানিয়ে বিশ্বজুড়ে পালিত হবে বাবা দিবস। সন্তানের জন্য বাবার ভালোবাসা আর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন সকাল থেকে রাত্রি অবধি বিশেষভাবে সাজানো হয়েছে রেডিও স্বাধীন ৯২.৪ এফএম-এর নিয়মিত আয়োজন। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন আসছেন ‘সকালবেলা হুইলস আওয়ারে’। অনুষ্ঠানটি চলবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। বলা যায় এবারের বাবা বিস উপলক্ষে হুমায়ূন সন্তান নুহাশ হুমায়ূন প্রথম কোনো লাইভ অনুষ্ঠানে তার বাবাকে নিয়ে স্মৃতিচারণ করবেন। অনুষ্ঠানটি প্রচার হবে আরেক প্রখ্যাত বাবা আলী যাকেরের কন্যা শ্রেয়সীর সঞ্চালনায়। তার কথায়, ‘নুহাশের শোটার জন্য অনেকেই কৌতূহলী। কারণ এত বড় মাপের লেখকের ছেলের আবেগের কথা সকলেই যেন শুনতে অধীর আগ্রহে বসে আছেন।’ এ ছাড়াও নতুন বাবা হওয়া জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান থাকছেন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শ্রেয়সী আওয়ারে। দুপুর ১২টা থেকে ৩টা, ‘বসব্রেক আওয়ার’-এ আসছেন জনপ্রিয় ক্রিপটিক ফেইট ব্যান্ডের গিটারিস্ট ফারহান সামাদ। বরেণ্য অভিনেতা আলী যাকের এবং তার পুত্র ইরেশ যাকের আড্ডা দেবেন ‘বমবাসটিক আওয়ারে’ বিকেলে ৫টা থেকে ৭টা পর্যন্ত। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত আনকাট মিউজিক শোতে অতিথি হয়ে আসছেন মাইলস ব্যান্ডের কিবোর্ডিস্ট মানাম আহমেদ এবং তার দুই পুত্র নেমেসিস ব্যান্ডের গিটারিস্ট জেরিফ ও জেহীন।