বাবাকে নিয়ে দুই তরুণের গান

আজ বিশ্ব বাবা দিবস। এবারের বাবা দিবসকে ঘিরে এ সময়ের দুই তরুণ দুইটি গান করেছেন। ‘বিমূর্ত ছবিগুলো অ্যালবাম জুড়ে আছে, একজন মানুষের ইতিহাস, চশমার ফ্রেমখানি ঘড়ি ছড়ি পাঞ্জাবি, সব আছে তবু দীর্ঘশ্বাস, শুধু বাবা নেই, ‘মায়ামাখা শাসনের ছায়া নেই’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন আমিরুল মোমেনিন মানিক। নিজের কথা, সুর ও নিজের কণ্ঠে গাওয়া এই গানটি নিয়ে আজ হাজির হবেন বিভিন্ন চ্যানেলে। এর পাশাপাশি তরুণ গীতিকার ওমর ফারুকের লেখায় ‘বাবা তোমার শূন্যতা হয় না পূরণ, কোথায় আছো বাবা এখন কেমন? মেঘের সাথে খেলা করে আজ কাটে কী তোমার দিন, তোমায় খুঁজি যে আকাশে আজ সবই বর্ণহীন’ শিরোনামের এই এই গানটির সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন তানভীর তারেক। দুটি গানই রেকর্ডিং হয় সেলিব্রেটি সাউন্ড ল্যাবে। ওমর ফারুকের লেখা এই গানটিও আজ গাজী টিভিসহ বিভিন্ন চ্যানেলে দিনব্যাপী প্রচার হবে। মানিক বলেন, ‘আমাদের দেশে আসলে বাবা নিয়ে খুব একটা গান নেই। বাবাকে নিয়ে লেখা এই গানটি আমার বহুদিন আগের। এই বাবা দিবস উপলক্ষে গানটি গাওয়ারও সুযোগ হয়ে গেল। আশাকরি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ ওমর ফারুক বলেন, ‘বাবাকে হারিয়েছি বছর তিনেক হলো। বাবার প্রতি সন্তানের আর সন্তানের প্রতি বাবার ভালোবাসার তো পরিমাপ করা সম্ভব নয়, কিন্তু বাবা যখন ওপারে চলে যায় তখন একজন সন্তান নিশ্চয়ই বুঝতে পারে বাবার ভালোবাসার পরিমাপ। সেই অনুভূতি নিয়েই আমার এই গান। আশা করি গানটি সব শ্রেণীর শ্রোতার ভালো লাগবে। বাবা দিবসে পৃথিবীর সকল বাবাকে আমার শ্রদ্ধা।’