মোটা অংকের বৈদেশিক মুদ্রা ও সিগারেটসহ বিদেশি আটক
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২১:২১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল অংকের ভারতীয় মুদ্রা এবং বিদেশি সিগারেটসহ এক বিদেশি নাগরিককে শুল্ক কর্তৃপক্ষ আটক করেছে। পাকিস্তানি পাসপোর্টধারী মো. সাদাকাত আলী খান এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করাচি থেকে দুবাই হয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় আসেন। তিনি ভারতীয় মুদ্রা ও বিদেশি সিগারেট বহন করছেন এমন গোপন সংবাদ পেয়ে বিমানবন্দরে শুল্ক কর্তৃপক্ষ তাকে আটক করার জন্য আগে থেকেই প্রস্তুতি নেয়। ফ্লাইট থেকে নেমে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি স্যুটকেস নিয়ে বিমানবন্দরের টার্মিনাল থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় শুল্ক কর্তৃপক্ষ তার স্যুটকেস স্ক্যানিং করেন। পরে স্যুটকেস খুলে তার মধ্যে ৪১ লাখ ৫শ’ ভারতীয় মুদ্রা এবং ৮৫ কার্টন কোরিয়ান ইজি সিগারেট পাওয়া যায়। জিজ্ঞাসাবাদকালে তিনি জানান, দুবাই থেকে একটি মাফিয়াচক্র তাকে এই বৈদেশিক মুদ্রা ও সিগারেট ঢাকায় পৌঁছে দেয়ার জন্য দেয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।