রেড ক্রিসেন্ট সোসাইটির বিশ্ব রক্তদাতা দিবস পালন

উপহার হিসাবে রক্ত দান করুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটিজ এর যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৪ জুন বিশ্ব রক্ত দাতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে দিনটিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান ও সর্বোচ্চ রক্ত দাতা সম্মাননা প্রদান করা হয়। গত শুক্রবার হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পরে কলেজের রেড ক্রিসেন্ট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি ২০১৩ এর সর্বোচ্চ রক্তদাতা মাসুদ কামালসহ ৫৮ জনের হাতে ক্রেস্ট তুলে দেন। এর আগে সকালে আয়োজিত র্যালিতে প্রধান অতিথি হিসাবে এলজিআরডি প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানকসহ সোসাইটির পরিচালনা পর্ষদের সদস্য মো. বাশার, কবির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি