বরিশালে সংঘর্ষে কাউন্সিলর প্রার্থীর ভাই-বোনসহ আহত ৫

নগরীর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা ও মো. ইউনুছের সমর্থকদের মধ্যে শুক্রবার রাতে সংঘর্ষ হয়েছে। এতে সাবেক কাউন্সিলর ও বর্তমান প্রার্থী তৌহিদুল ইসলাম বাদশার বোন রোজী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ইউনুছের ভাই হারুন এবং সমর্থক নাছিমাসহ ৫ জন আহত হয়। বাদশার বোন রোজী টাউন স্কুলের গলির ভিতর এসে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। উভয় পক্ষের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর চড়াও হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বাদশা অভিযোগ অস্বীকার করে ইত্তেফাককে জানান, তার বোন টাকা নয়, ভোটার তালিকা প্রদানের জন্য সেখানে গিয়েছিলেন।