সাম্প্রতিক বাজে দশা
কাটাতে চায়
ইতালি মেক্সিকো
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২২:০৭
দু’দলের মধ্যকার সর্বশেষ লড়াইয়ে ইতালি ২-১ গোলে মেক্সিকোর কাছে পরাজিত হয়েছিল। সেটি অবশ্য ২০১০ সালের জুনের ঘটনা। তবে সেটাই ছিল মধ্য আমেরিকার দেশটির কাছে ১১ বারের মোকাবেলায় আজুরিদের প্রথম হারের নজির।
ইতালি ও মেক্সিকো কনফেডারেশন্স কাপে আজ রবিবার রিও ডি জেনিরোর মারাকানায় যখন মুখোমুখি সে সময় উভয় দলেরই লক্ষ্য থাকবে নিজেদের সাম্প্রতিক দুর্ভাগ্যকে কাটিয়ে ওঠা।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি গত মঙ্গলবার সর্বশেষ প্রীতি ম্যাচ দুর্বল হাইতির সাথে ২-২ ড্রয়ে বাধ্য হয়। কোচ সিজার প্রান্ডেলি এই ফলকে ‘অবমাননাকর’ বলে অভিহিত করেন। একই দিনে মেক্সিকো কোস্টারিকার সাথে গোলশূন্য ড্রয়ের পর দর্শকদের দুয়োধ্বনি শোনে। ইতালিয়রা এর আগের খেলায় বিশ্বকাপ বাছাইয়ে চেক প্রজাতন্ত্রের সাথে গোলশূন্য ড্র করে।
মেক্সিকোর অবস্থা আরো খারাপ। কেননা কোস্টারিকার সাথে করা ড্রটি হলো চলতি বছরে বিশ্বকাপের বাছাইয়ে ছয় খেলায় এ ধরনের পঞ্চম নজির। ফলে কনকাকাপ অঞ্চলের দেশটির অবস্থা ঝুঁকির মধ্যে।
তারপরও জুভেন্তাসে খেলা ইতালি মিডফিল্ডার ক্লডিও মার্শিসিও মনে করেন মেক্সিকোর এসব ঘটনা কনফেডারেশন কাপে তাদের মনোযোগে প্রভাব ফেলবে না। তিনি বলেন,‘দলের জন্য এটা একটা সমস্যা। তারপরও আমি মনে করি একবার মাঠে নামলে খেলোয়াড়রা এসব ভুলে যাবে এবং আমাদের জন্য কিছুটা সমস্যা হয়ে দেখা দিবে।’
দু’দলের মধ্যকার সর্বশেষ লড়াইয়ে ইতালি ২-১ গোলে মেক্সিকোর কাছে পরাজিত হয়েছিল। সেটি অবশ্য ২০১০ সালের জুনের ঘটনা। তবে সেটাই ছিল মধ্য আমেরিকার দেশটির কাছে ১১ বারের মোকাবেলায় আজুরিদের প্রথম হারের নজির।
মেক্সিকানদের অবশ্য কনফেডারেশন কাপ খেলার অভিজ্ঞতা বেশি। আগের আটটি আসরের পাঁচটিতেই খেলেছে দেশটি। জিতেছে ১৯৯৯ সালে নিজেদের মাটিতে আয়োজিত আসরটি। কোচ ডে লা টোরে তাই মনে করেন তারা তাক লাগানো কিছু করে দেখাতে সক্ষম। তিনি বলেন, ‘যখনই কোন একটা টুর্নামেন্ট আয়োজিত হয়, আপনি ইতালি, স্পেন কিংবা ব্রাজিলের ভাল করার কথা ভাবেন। তাই বলে আপনি অন্য দলগুলোকে বাতিল করে দিতে পারেন না।’
ইতালি স্ট্রাইকার স্টিফেন এল শারাভি বৃহস্পতিবার উরুর সমস্যার কারণে অনুশীলন করেননি। সেজন্য প্রান্ডেলি ৪-৩-২-১ বিন্যাসে দলকে অনুশীলন করান যা মেক্সিকোর বিরুদ্ধে দেখা যেতে পারে। অপরদিকে আন্ড্রে পিরলো যদি সুযোগ পান তবে সেটা হবে ইতালির হয়ে তার শততম ম্যাচ। সেক্ষেত্রে জুভেন্তাসের এই প্লে মেকার হবে অনন্য নজিরটি দেখানো পঞ্চম ইতালিয় খেলোয়াড়। অন্যরা হলেন- ফ্যাবিও ক্যানাভারো, জিয়ানলুইজি বাফন, পাওলো মালদিনি ও দিনো জফ।
ম্যানচেস্টার ইউনাইটেডের জাভিয়ার হার্নান্দেজকে আজ আক্রমণভাগে দেখা যেতে পারে। ২০১৩ সালে মেক্সিকোর হয়ে তিনিই কেবল প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় গোলের দেখা পেয়েছেন।
ব্রাজিলের বিখ্যাত এই মারাকানা স্টেডিয়ামটি নতুন করে গড়ে তোলার পর এটাই হবে প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা। নইলে ব্রাজিল ও ইংল্যান্ডের মধ্যকার ২-২ গোলে ড্র হওয়া প্রীতি ম্যাচটি দিয়েই এটি পুনরায় যাত্রা শুরু করে। তবে গত শুক্রবারও ৭৮,৮৩৮ দর্শকাসনের এ স্টেডিয়ামে ঘষামাজার কাজ করছিলেন। সংগঠকরা অবশ্য খেলার আগেই এটি ঠিকঠাক হয়ে যাবে বলে জানান। এর মধ্যেই গতরাতে ‘এ’ গ্রুপের প্রথম খেলায় স্বাগতিক ব্রাজিল ও জাপান মুখোমুখি হয়।
এদিকে রিও শহরে বাস ভাড়া বাড়ানোর কারণে বর্তমানে যে সহিংসতা চলছে তাতে খেলাটির প্রাক্কালে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে। রিওর সহিংসতায় এখন পর্যন্ত ২০ জন গ্রেফতার হয়েছেন।-এএফপি