স্পেনের যাত্রা শুরু হচ্ছে আজ

উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে আজ ফিফা কনফেডারেশন্স কাপ যাত্রা শুরু করছে বিশ্ব এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন। সর্বশেষ ২৫ ম্যাচ অপরাজিত স্পেন চাইবে জয়ের ধারা বজায় রেখে টুর্নামেন্টে ভাল সূচনা করতে। অন্যদিকে উরুগুয়ের লক্ষ্য থাকবে সাম্প্রতিক সময়ের বাজে পারফরম্যান্সের বৃত্ত ভেঙ্গে বেরিয়ে আসা। রেচিফের অ্যারেনা পারনামবুকোতে অনুষ্ঠেয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত চারটায়। ব্রাজিলের মাটিতে স্পেন-উরুগুয়ে সর্বশেষ মুখোমুখি হয়েছিল সেই ১৯৫০ বিশ্বকাপে। গ্রুপ পর্যায়ের সেই ম্যাচে জিতেছিল উরুগুয়ে। পরে ঐ বিশ্বকাপও জয় করে তারা। তবে সময়ের বিবর্তনে ক্রমেই ক্ষয়িষ্ণু শক্তির দলে পরিণত হয়েছে উরুগুয়ে। যদিও বহু বছরের ব্যবধানে ২০১০ বিশ্বকাপের শেষ চারে পৌঁছে নতুনভাবে ফিরে আসার ঘোষণা দিয়েছিল তারা। তবে বছর ঘুরতে না ঘুরতেই আবারো বিপাকে পড়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। টানা ছয় ম্যাচ জয়হীন কাটানোর পরে সর্বশেষ ম্যাচে ভেনিজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে তারা। আর্জেন্টিনা, কলম্বিয়া, বলিভিয়ার চাপে পড়ে উরুগুয়ের সরাসরি বিশ্বকাপ খেলা নিয়েও রয়েছে শঙ্কা। তবে কোপা আমেরিকার সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দলটি পেছনে ফেলতে চাইছে সাম্প্রতিক বাজে পারফরম্যান্সকে। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচে কোচ অস্কার তাবারেজ দলে পাচ্ছেন তারকা স্ট্রাইকার লুইজ সুয়ারেজকে। নিষেধাজ্ঞা কাটিয়ে আজকের ম্যাচেই দলে ফিরছেন তিনি। তবে তাকে জায়গা দিতে স্থান হারাতে হতে পারে আরেক তারকা ডিয়েগো ফোরলানকে। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক অনেকটাই নিরাপদে। তবে ইকার ক্যাসিয়াস নাকি ভিক্টর ভালদেস, আজকের ম্যাচে তিনি কাকে খেলাবেন সেটা এখনো নিশ্চিত নয়। তবে ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া জাভি আলোনসোর জায়গা নেবেন জাভি মার্টিনেজ; সেটা অনেকটাই নিশ্চিত। বিশ্বকাপ এবং ইউরো জয়ী দলটির সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা হচ্ছে তাদের অভিজ্ঞতা এবং দলীয় সমঝোতা। কারণ সর্বশেষ বিশ্বকাপজয়ী সেই দলটির ১৮ জন খেলোয়াড়ই আছেন এই দলে। আর ইউরো জয়ী দলের আছেন ১৯ জন। সুতরাং, এই শক্তিকে কাজে লাগিয়ে তাদের একমাত্র অপ্রাপ্তি কনফেডারেশন্স কাপের শিরোপা খরা ঘোচাতে চাইবে তারা।