ভিআইপিদের নিরাপত্তার সঙ্গে জনসংযোগের বিষয়টিও গুরুত্ব দিতে হবে
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২২:৩৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ও সরকার প্রধান এবং ভিআইপিদের নিরাপত্তা প্রদানকালে তাদের জনসংযোগের বিষয়টিকে গুরুত্ব দিতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে আমরা জনগণের কাছে দায়বদ্ধ। আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে ধনী-গরিব সবই আছে। তাদের সাথে আমার আত্মার সম্পর্ক। পাঁচ বছর পর এই জনগণের কাছেই আমাদের ফিরে যেতে হবে। তাই তোমাদের আচরণে কোন মানুষ যেন কষ্ট না পায় সেদিকে সব সময় সজাগ দৃষ্টি রাখবে। সকল দর্শনার্থীর সম্মান সমুন্নত রাখতে সচেষ্ট থাকবে।’
প্রধানমন্ত্রী গতকাল শনিবার তার তেজগাঁও কার্যালয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বাংলাদেশে সফরকালে বিদেশি ভিআইপিদের দৈহিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণকালে এসব কথা বলেন। খবর বাসসের
প্রধানমন্ত্রী বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার জন্য সকল সহযোগী সংস্থার সাথে সুসম্পর্ক, নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা প্রয়োজন। একই সাথে ভিআইপিদের জনসংযোগের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল শেখ আমান হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ এম ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।