বরিশালে অর্ধশত ভোটকেন্দ্র থেকে কামালের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২৩:১৮
ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন ভোট কেন্দ্র থেকে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামালের আনারস প্রতীকের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আহসান হাবিব কামাল সাংবাদিকদের জানান, তার প্রায় অর্ধশত ভোট কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হয়েছে।
প্রিজাইডিং অফিসার আবু জাফর খান জানান, ভোট কেন্দ্রে সকাল ১০টার দিকে কাউনিয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে যুবদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের পরপরই এ করিম আইডিয়াল কলেজে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তিনি জানান, পর্যাপ্ত ফোর্স না থাকায় পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হয়নি। পরে অবশ্য বিজিবি ও র্যাব ঐ কেন্দ্রে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। রূপাতলী ভোট কেন্দ্রে আহসান হাবিব কামালের নির্বাচনী এজেন্ট আবুল কালাম আজাদ অভিযোগ করেন কেন্দ্রের ভিতরে ঢুকে সরকার সমর্থকরা তাদের এজেন্টদের ভয়-ভীতি দেখায়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। কাশিপুর হাইস্কুল কেন্দ্রে যুবদলের কেন্দ্রীয় নেতা বিএম কলেজের সাবেক জিএস মিনার মাহমুদকে মারধর করেন এক শ্রমিক লীগ নেতা। পার্শ্ববর্তী এলেম উদ্দিন কেন্দ্র, বানী মন্দির স্কুল কেন্দ্র, নূরিয়া স্কুল কেন্দ্র ও সাগরদী ভোট কেন্দ্র থেকে কামালের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ সম্পর্কে শওকত হোসেন হিরন বলেন, এজেন্ট আবুল কালাম বা অন্য কোন এজেন্টকে বের করে দেয়ার ভিত্তিহীন অভিযোগ দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। হিরন ইত্তেফাককে জানান, এজেন্ট বের করে দেয়ার প্রয়োজন হলে আমার নিজের যাওয়ার দরকার হতো না। বিএনপি প্রার্থী তার ভরাডুবি বুঝতে পেরে এসব অবান্তর অভিযোগ তুলছেন। কয়েকটি ভোট কেন্দ্রে বিএনপির কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছিল বলে হিরন জানান।